বিএসটিআইয়ের সেবা কার্যক্রম স্বয়ংক্রিয় হচ্ছে
দেশে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) সেবা কার্যক্রম স্বয়ংক্রিয়করণ হচ্ছে।
এ লক্ষ্যে গত সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইয়ের কার্যালয়ে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সঙ্গে সংস্থাটির একটি চুক্তি হয়েছে। বিএসটিআই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
চুক্তিতে বিএসটিআইয়ের মহাপরিচালক ইকরামুল হক এবং আইএফসির বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার কেইল এফ কেলোফার সই করেন। অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কর্মকর্তা শরীফ মুহতাসেব, হোসনা ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে আইএফসির সহযোগিতায় বিএসটিআইয়ের ই-পেমেন্ট ব্যবস্থা চালু ও স্বয়ংক্রিয় পদ্ধতিতে সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স প্রদান কার্যক্রম যেমন গতিশীল হবে তেমনি ওয়েবসাইট আরও বেশি তথ্যসমৃদ্ধ হবে। বিএসটিআইয়ের মহাপরিচালক বলেন, চুক্তিটি বাস্তবায়ন হলে ডিজিটাল সেবা প্রদানে বিএসটিআই এক ধাপ এগিয়ে যাবে। এতে সেবাগ্রহীতারা আরও সহজে সেবা পাবেন।