বিএসসির আরপিও অনুমোদন করেছে এসইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ শিপিং করপোরেশনের পুনঃপ্রাথমিক গণপ্রস্তাব (আরপিও) অনুমোদন করেছে নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ মঙ্গলবার কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, আরপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ৬২ লাখ ৭৪ হাজার শেয়ার ইস্যু করে ৩১৩ কোটি ৭০ লাখ টাকা তুলবে। এ ক্ষেত্রে ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। যার মধ্যে ৪০০ টাকা প্রিমিয়াম নেওয়া হবে।আরপিওর মাধ্যমে তোলা এই টাকা দিয়ে প্রতিষ্ঠানটি দুটি জাহাজ কিনবে। এর মধ্যে ৩৫০ কোটি টাকা দিয়ে এক লাখ ২৫ হাজার টন মালামাল বহনকারী একটি মাদার ভেসেল (প্রধান জাহাজ) কিনবে। যার মধ্যে ১০৫ কোটি টাকা আরপিওর মাধ্যমে উত্তোলিত টাকা থেকে নেওয়া হবে। বাকি টাকা স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত অংশীদারদের কাছ থেকে নেওয়া হবে। আরেকটি মালামাল বহনকারী জাহাজ ২০৯ কেটি ৭০ লাখ টাকা দিয়ে কেনা হবে।এদিকে গত পাঁচ বছরের ভারত্বের ভিত্তিতে প্রতিষ্ঠানটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৮ দশমিক ৭৬ টাকা এবং শেয়ারপ্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) ২৭৮ দশমিক ৯০ টাকা দেখানো হয়েছে।এর আগে গত ১৬ আগস্ট ডিএসইর ওয়েবসাইটে বিএসসির আরপিওতে সংশোধনী আনার সংবাদ প্রকাশিত হয়। কোম্পানির আরপিওর জন্য শেয়ারের যে দাম নির্ধারণ করা হয়েছিল সংশোধিত প্রস্তাবে তা অর্ধেকে নামিয়ে ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হয়।