বিএসসির আরপিওর আবেদন আজ শুরু
পুনঃ গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে শেয়ার ছাড়তে আজ রোববার থেকে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করবে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। ১৩ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। তবে প্রবাসী বাংলাদেশি (এনআরবি) বিনিয়োগকারীদের জন্য ২২ অক্টোবর পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে।পুঁজিবাজার থেকে আরপিওর মাধ্যমে নতুন করে অর্থ সংগ্রহের জন্য ঘোষণা দেয় বিএসসি। গত ২৩ আগস্ট সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) বিএসসির আরপিওর আবেদন অনুমোদন করে।আরপিওর মাধ্যমে প্রতিষ্ঠানটি ৬২ লাখ ৭৪ হাজার শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩১৩ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছ থেকে ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে ৪০০ টাকা প্রিমিয়ামসহ মোট ৫০০ টাকা নেওয়া হবে। তাই প্রতিটি লটের (পাঁচটি) জন্য বিনিয়োগকারীকে দুই হাজার ৫০০ টাকা জমা দিতে হবে।আরপিওর মাধ্যমে তোলা এ টাকা দিয়ে প্রতিষ্ঠানটি দুটি জাহাজ কিনবে। এর মধ্যে এক লাখ ২৫ হাজার টন মালামাল বহনকারী একটি মাদার ভেসেল (প্রধান জাহাজ) ৩৫০ কোটি টাকা দিয়ে কিনবে, যার মধ্যে ১০৫ কোটি টাকা আরপিওর মাধ্যমে উত্তোলিত টাকা থেকে নেওয়া হবে। বাকি টাকা স্ট্র্যাটেজিক পার্টনার বা কৌশলগত অংশীদারদের কাছ থেকে নেওয়া হবে। আরেকটি মালামাল বহনকারী জাহাজ ২০৯ কেটি ৭০ লাখ টাকা দিয়ে কেনা হবে।বিএসসি ১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির ৮৭ দশমিক ৫ শতাংশ শেয়ার সরকারের হাতে রয়েছে। বাকি ১২ দশমিক ৫ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। গত ৫ বছরের গড়ের ভিত্তিতে বিএসসির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৮ টাকা ৭৬ পয়সা। আর সর্বশেষ নিরীক্ষিত হিসাব অনুযায়ী শেয়ারপ্রতি মোট সম্পদের পরিমাণ (এনএভি) ২৭৮ টাকা ৯০ পয়সা।