বিএসসিসিএল সরাসরি তালিকাভুক্ত হতে যাচ্ছে
শেয়ারবাজারে আসছে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের বিক্রয়মূল্য নির্ধারণের পর সরাসরি তালিকাভুক্ত হবে কোম্পানিটি। এ কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যের তিন কোটি ১০ লাখ শেয়ার বাজারে ছাড়বে। এর মাধ্যমে বাজার থেকে সংগৃহীত টাকায় নতুন আরেকটি সাবমেরিন কেব্ল কোম্পানি স্থাপন করা হবে।অভিহিত মূল্যের হিসাবে কোম্পানিটির বিক্রয়যোগ্য শেয়ারের দাম দাঁড়ায় ৩১ কোটি টাকা। তবে প্রকৃতপক্ষে বিএসসিসিএল বাজার থেকে কত টাকা সংগ্রহ করবে, সেটি নির্ধারিত হবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দরপ্রস্তাবের ভিত্তিতে ঠিক হওয়া দামের ওপর। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের উপস্থিতিতে কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হয়েছে। তাতে কোম্পানির বিভিন্ন কারিগরি দিক ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মনোয়ার হোসেন। রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আরেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (আইসিবি সিএমসিএল)। আইসিবি সিএমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুর রউফ কোম্পানিটির আর্থিক তথ্য তুলে উপস্থিত বিনিয়োগকারীদের সামনে তুলে ধরেন। তাতে জানানো হয়, বিএসসিসিএলের পরিশোধিত মূলধন ৬৭ কোটি ৩১ লাখ টাকা, যা ছয় কোটি ৭৩ লাখ শেয়ারে বিন্যস্ত। ২০০৮ সালে এটি আলাদা একটি কোম্পানি হিসেবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। ২০০৮-০৯ অর্থবছরে কোম্পানিটি ১১ কোটি ৫৪ লাখ টাকা এবং ২০০৯-১০ অর্থবছরে ৩৪ কোটি ৬৫ লাখ টাকা নিট মুনাফা করেছে। চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম প্রান্তিকে অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে নিট মুনাফা দাঁড়িয়েছে ১৩ কোটি ৮৮ লাখ টাকা। গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল পাঁচ টাকা ১৫ পয়সা। সর্বশেষ হিসাবে তা বেড়ে দাঁড়িয়েছে ছয় টাকা ৩৫ পয়সায়। অনুষ্ঠানে আরও জানানো হয়, বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে কোম্পানিটির প্রস্তাবিত নির্দেশক মূল্য ঠিক হয় ১০৮ টাকা। কিন্তু কোম্পানি সেই দাম ১৮ টাকা কমিয়ে ৯০ টাকা নির্ধারণ করেছে।