পদ্মা সেতু নির্মাণে বিশ্বব্যাংকের পাশাপাশি বিকল্প অর্থসংস্থানকারীও প্রস্তুত রাখতে চান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ জন্য চীনকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি অর্থমন্ত্রী এ-ও বলেন, পদ্মা সেতুর ব্যাপারে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তির মেয়াদ বেড়েছে। আগামী অক্টোবরের মধ্যেই তা চূড়ান্ত করার ইচ্ছা রয়েছে। কারণ, নভেম্বর থেকে কাজ শুরু করতে হবে।সচিবালয়ে গতকাল বুধবার ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুনের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।অর্থমন্ত্রী বলেন, ‘আমরা বলেছি, বিশ্বব্যাংকের পাশাপাশি পদ্মা সেতু নির্মাণে বিকল্প অর্থায়নের চিন্তা করছি। লি জুন বলেছেন, বিশ্বব্যাংকের সঙ্গে চীনের সম্পর্ক ভালো। বাংলাদেশের উচিত সংস্থাটির সঙ্গে কোনো ঝামেলা থাকলে দ্রুত তা নিষ্পত্তি করে ফেলা।’ পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করতে চীনের আগ্রহ আছে কি না, জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘চীনের চাওয়া হচ্ছে আগে বিশ্বব্যাংকের সঙ্গে বিষয়টি নিষ্পত্তি হোক। তারপর তারা তা বিবেচনা করবে। তবে এ ব্যাপারে পরিষ্কার করে তারা কিছু বলেনি।’ অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাংক একটি বড় সংস্থা। একটি প্রকল্পে সমস্যা হলেও সংস্থাটির অর্থায়নে অন্য অনেক প্রকল্পই চলছে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংক অর্থায়ন করবে ১২০ কোটি ডলার। অথচ গত বছর বাংলাদেশকে তারা ৩০০ কোটি ডলারের প্রতিশ্রুতি দিয়েছে। যোগাযোগ খাতের ২০০৫-০৬ অর্থবছরের কিছু প্রকল্প বাতিলও করেছে সংস্থাটি।বিশ্বব্যাংকের পাশাপাশি মালয়েশিয়া ও চীনের বাইরে আরও কোনো উৎসের কথা চিন্তা করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘বিষয়টি আমার জানা নেই।’ অর্থমন্ত্রী বলেন, চীন একটি বড় অর্থনৈতিক শক্তি। দেশটির সঞ্চয় অনেক বেশি। তারা সহজ শর্তে ঋণ দিয়ে তা বিনিয়োগ করতে চায়। বাংলাদেশ-চীনের অর্থনৈতিক সহযোগিতায় উচ্চমান বিরাজ করার কথা জানিয়ে অর্থমন্ত্রী বলেন, উভয় দেশের বাণিজ্য সম্পর্ক বাড়ছে। তবে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি অনেক বেশি। এখন বেশ কিছু সুযোগ দিতে চায় চীন। যেমন, তারা বাংলাদেশ থেকে পাট আমদানির আগ্রহ দেখিয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ, পানিসম্পদ, শিল্প বিশেষ করে সার কারখানা তৈরিসহ আরও কয়েকটি খাতে বিনিয়োগ করতে চায় তারা। চীনের চাওয়া হলো, বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে যত দূর সম্ভব বাণিজ্য ঘাটতি কমানো। অর্থমন্ত্রী আরও জানান, চীন সহজ শর্তে ১৫ কোটি ডলার ঋণ দিচ্ছে। এ দিয়ে পাগলা-কেরানীগঞ্জ পানি পরিশোধন প্রকল্প নির্মাণ করা হবে। এ ছাড়া সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে মেঘনা দ্বিতীয় সেতু, বেগুটিয়া-ঝালকাঠি সেতু নির্মাণে চীনের সহায়তা পাওয়া যাবে বলে অর্থমন্ত্রী উল্লেখ করেন।উল্লেখ্য, গত ২০১০-১১ অর্থ বছরে চীন থেকে ৫৯২ কোটি ডলারের পণ্য আমদানির বিপরীতে বাংলাদেশ থেকে ৩২ কোটি ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে। ফলে দ্বিপক্ষীয় বাণিজ্যে বাংলাদেশের ঘাটতি দাঁড়িয়েছে ৫৬০ কোটি ডলার।