বিকল্প কর্মসূচি খোঁজার পরামর্শ বিজিএমইএর
টানা অবরোধ আর হরতালের কারণে দেশে একধরনের রাজনৈতিক অস্থিরতা চলছে। আর এই অস্থিরতায় পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। একই সঙ্গে তাঁরা উদ্বিগ্নও।
সে কারণে দেশের জাতীয় অর্থনীতির স্বার্থে রাজনৈতিক কর্মসূচির নামে হরতাল-অবরোধ বাদ দিয়ে বিকল্প পন্থা খুঁজে বের করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।
সংগঠনটি থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পোশাকশিল্প ও এই শিল্পের সব আমদানি-রপ্তানি পণ্যকে অবরোধমুক্ত এবং যেকোনো রাজনৈতিক কর্মসূচি চলাকালে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-বেনাপোল মহাসড়কে পোশাকশিল্পের পণ্যবাহী যান চলাচল স্বাভাবিক রাখারও অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বিজিএমইএ বলেছে, এক দিনের হরতালে পোশাকশিল্পে প্রায় ২৫০ কোটি টাকার ক্ষতি হয়। উৎপাদন কমে যায় ৩০-৩৫ শতাংশ। আবার এক ঘণ্টা দেরিতে পোশাক জাহাজীকরণ করা হলে রপ্তানি কার্যক্রমে অতিরিক্ত ঝুঁকি বাড়ে। এর ফলে মূল্যছাড় দিতে হয়। অনেক সময় অর্ডার বাতিল হয় কিংবা বিমানে করে পণ্য পাঠাতে হয়। এতে ওই উদ্যোক্তাকে লোকসানের বোঝা বইতে হয়।