বিকল্প প্রতিনিধির (অলটারনেট নমিনি) মাধ্যমে ভোট প্রদানের পদ্ধতি বহাল রেখেই চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী সোমবার এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।ব্যবসায়ী-ভোটারদের অনেকেই মনে করেন, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে থাকবে। কারণ, এতে বিকল্প প্রতিনিধির মাধ্যমে ভোট প্রয়োগের পদ্ধতি বহাল থাকছে, যা উচ্চ আদালতের রায়ের সঙ্গে সাংঘর্ষিক। হাইকোর্ট বিকল্প প্রতিনিধি পদ্ধতি ও ভুয়া ভোটার বাতিল করে নির্বাচন করার নির্দেশ দিয়েছেলেন। জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের বর্তমান সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘বিকল্প প্রতিনিধি পদ্ধতি বহাল রেখে নির্বাচনের ব্যবস্থা আদালত অবমাননার শামিল। এই নির্বাচনের ফলাফল আদালতে টিকবে না। এর পরও আমরা নির্বাচনে অংশ নিচ্ছি, যাতে খালি মাঠে গোল দেওয়া না যায়।’প্রসঙ্গত, চেম্বারের নির্বাচনে প্রথম ব্যক্তির অনুপস্থিতিতে দ্বিতীয় একজন ব্যক্তিকে মনোনয়ন দেওয়ার বিধান রয়েছে। দ্বিতীয় ব্যক্তিই বিকল্প প্রতিনিধি হিসেবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। তবে তা বাণিজ্য সংগঠন বিধিমালার পরিপন্থী।কারণ বাণিজ্য সংগঠন বিধিমালা অনুযায়ী ভোটদানের অধিকারী ব্যক্তিরা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ভোট দেবেন এবং প্রক্সির মাধ্যমে ভোট দেওয়া নিষিদ্ধ।বিকল্প প্রতিনিধি পদ্ধতি বহাল রাখা প্রসঙ্গে চেম্বারের নির্বাচন বোর্ডের কমিশনার শামসুল হক প্রথম আলোকে বলেন, ‘বিকল্প প্রতিনিধি পদ্ধতি এখনো বহাল আছে। এ বিষয়ে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং প্রবীণ আইনজীবীরা আলাদা ব্যাখ্যা দিয়েছেন। আমরা হাইকোর্ট, নাকি সুপ্রিম কোর্টের আদেশ গ্রহণ করব, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। তবে শনিবার আবার আমরা বসে সিদ্ধান্ত নেব।’চট্টগ্রাম চেম্বারের ইতিহাসে এবারেই প্রথম পোলিং এজেন্ট রাখার সিদ্ধান্ত হয়েছে। ২৪টি পরিচালক পদের মধ্যে ট্রেড গ্রুপ থেকে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই ব্যবসায়ীরা সোমবার ২১ জন পরিচালক নির্বাচন করবেন। এর মধ্যে সাধারণ শ্রেণীতে ১২ জন, সহযোগী শ্রেণীতে ছয়জন ও টাউন অ্যাসোসিয়েশন থেকে তিনজন নির্বাচিত হবেন।