বিকল্প বিনিয়োগের উপাদান হতে পারে মিউচুয়াল ফান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মানুষের ব্যক্তিগত বিনিয়োগের অন্যতম বিকল্প ক্ষেত্র হতে পারে মিউচুয়াল ফান্ড। বর্তমানে দেশের শেয়ারবাজারে ৪১টি মিউচুয়াল ফান্ড তালিকাভুক্ত রয়েছে। দিন দিন এই সংখ্যা আরও বাড়ছে। ব্যাংকের স্থায়ী আমানত, সঞ্চয়পত্রের বিনিয়োগের পাশাপাশি নিরাপদ ও বিকল্প বিনিয়োগের ক্ষেত্র হিসেবে মিউচুয়াল ফান্ডকে বেছে নেওয়ার সুযোগ আছে।মিউচুয়াল ফান্ড হলো এমন একটি তহবিল, যেটি পরিচালনার জন্য রয়েছে অভিজ্ঞ ব্যবস্থাপক প্রতিষ্ঠান। বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে তহবিলের অর্থ সংগ্রহ করে পরে সেই অর্থ অর্থবাজার ও পুঁজিবাজারে বিনিয়োগ করেন ব্যবস্থাপকেরা। এ জন্য ব্যবস্থাপক প্রতিষ্ঠানকে কিছু আইনি বিধিবিধান পরিপালন করতে হয়।প্রতিটি মিউচুয়াল ফান্ড পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) অনুমোদনপ্রাপ্ত। ফলে এসব তহবিল পরিচালনার ক্ষেত্রে আইনি স্বীকৃতি রয়েছে।নিয়ম অনুযায়ী, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির কাছ থেকে সংগৃহীত টাকা অর্থবাজার ও পুঁজিবাজারে বিনিয়োগ করা হয়। বছর শেষে এসব বিনিয়োগ থেকে যে মুনাফা হয়, তার একটি অংশ তহবিলের অংশীদারদের মধ্যে লভ্যাংশ হিসেবে বিতরণ করা হয়।এই খাতকে জনপ্রিয় এবং আরও বেশি কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থাও নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। সম্প্রতি এসইসি মিউচুয়াল ফান্ড বিধিমালায় নতুন কিছু সংশোধনী সংযুক্ত করার উদ্যোগ নিয়েছে। এতে বোনাস বা স্টক লভ্যাংশ ঘোষণার বিধান সংযুক্ত করা হয়েছে। এসইসি বলছে, কোনো মেয়াদি তহবিল বেমেয়াদিতে রূপান্তরের মাধ্যমে ইউনিটধারীদের মতামত নিয়ে এই বোনাস লভ্যাংশ ঘোষণা করা যাবে। পাশাপাশি মিউচুয়াল ফান্ডগুলো বছর শেষে যে মুনাফা করবে, তার ন্যূনতম ৭০ শতাংশ অবশ্যই ফান্ডের ইউনিটধারীদের মধ্যে লভ্যাংশ আকারে বিতরণের বাধ্যবাধকতা আরোপেরও বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে। জানতে চাইলে অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল মারুফ প্রথম আলোকে বলেন, ‘বিনিয়োগ-ঝুঁকি কমাতে বিনিয়োগ করা তহবিলকে বিভিন্ন খাতে ছড়িয়ে-ছিটিয়ে রাখার কথা সব সময়ই বলা হয়। সীমিত বিনিয়োগের মানুষের পক্ষে বিনিয়োগ তহবিল বিন্যস্তকরণের সুযোগ খুবই কম। তাই তাদের হয়ে এই কাজ করে থাকেন সম্পদ ব্যবস্থাপকেরা। যেহেতু অনেক মানুষের ছোট ছোট সঞ্চয় যোগ করে একেকটি মিউচুয়াল ফান্ডের আকার বেশ বড় হয়, তাই ব্যবস্থাপকদের পক্ষে কাজটি করা সহজ। এ ছাড়া এক হিসাবে দেখা গেছে, বর্তমান বাজারে যেসব মিউচুয়াল ফান্ডের বয়স ১০ বছরের বেশি হয়েছে, বছর শেষে সেগুলোর গড় লভ্যাংশ বিতরণের হার ছিল প্রায় ৩০ শতাংশ। এটি অন্য কোনো খাতে বিনিয়োগ থেকে পাওয়া দুরূহ।’ওয়ালিউল মারুফ আরও বলেন, যেহেতু এসব তহবিল দক্ষ ও প্রশিক্ষিত ব্যবস্থাপকের মাধ্যমে পরিচালিত হয়, তাই এখানে ঝুঁকির বিষয়টি নিয়ে ইউনিটধারীদের চিন্তা করতে হয় না।