বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সেমিনারে অতিথিরা l ছবি: বিয়াকের সৌজন্যে
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত সেমিনারে অতিথিরা l ছবি: বিয়াকের সৌজন্যে

বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করে তুলতে বিকল্প বিরোধ নিষ্পত্তির ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রতিষ্ঠানেরও জোরালো ভূমিকা থাকা চাই। এর ফলে ব্যবসায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এমন অভিমত উঠে আসে। রাজধানীর সোনারগাঁও হোটেলে গত শনিবার রাতে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি: সামনে এগোনোর উপায়’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর সরকারি চুক্তিগুলোতে বিকল্প বিরোধ নিষ্পত্তির ধারা অন্তর্ভুক্তকরা একটি প্রচলিত অভ্যাস। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।
সেমিনারে বিশেষ অতিথি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে বিয়াকের প্রচেষ্টা ও ভূমিকার প্রশংসা করেন। তিনি জানান, মেডিয়েশন বা সালিস-মধ্যস্থতা বিধি তৈরির কাজ চূড়ান্ত করা হচ্ছে। এতে বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রতিষ্ঠান হিসেবে বিয়াকের মতো প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদানের সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আনিসুল হক আরও বলেন, সরকার ইতিমধ্যে ৫০ মিলিয়ন (পাঁচ কোটি) ডলার মূল্যমানের চুক্তিতে আরবিট্রেশন বা মধ্যস্থতার বিষয়টি অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে। আর সালিস-মধ্যস্থতার একমাত্র স্থান হবে ঢাকা।
সাবেক প্রধান বিচারপতি লতিফুর রহমান বলেন, বাংলাদেশকে একটি বিনিয়োগমুখী দেশ হিসেবে গড়ে তুলতে হলে বিকল্প বিরোধ নিষ্পত্তির বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আইন ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক দেশের প্রচলিত আইনি ব্যবস্থার পাশাপাশি বিকল্প বিরোধ নিষ্পত্তির বিধান বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সভাপতি বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, গত কয়েক দশক ধরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যে হারে বৃদ্ধি পাচ্ছে, তা ভবিষ্যতে আরও বাড়বে। তিনি জানান, গত চার বছরে বিয়াক সালিস-মধ্যস্থতা বিষয়ে প্রচুরসংখ্যক প্রশিক্ষণ কোর্স ও প্রচার কর্মসূচির আয়োজন করেছে।
ব্যারিস্টার আজমালুল হোসেন বিকল্প বিরোধ নিষ্পত্তিতে সময় বাঁচানোর জন্য মধ্যস্থতাকারীর সংখ্যা আন্তর্জাতিক মান অনুযায়ী তিনজন না রেখে একজন করার পরামর্শ দেন।
সেমিনারে আরও বক্তব্য দেন ডিএফআইডির বাংলাদেশের প্রধান সারা কুক, আইএফসি বাংলাদেশের কর্মসূচি ব্যবস্থাপক এম মাসরুর রিয়াজ, এমসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি আনিস এ খান, ঢাকা চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন রশিদ।