বিকল্প বিরোধ নিষ্পত্তি কমিটি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্পের মালিক-শ্রমিকদের মধ্যে উদ্ভূত সমস্যা সমাধানে বিকল্প বিরোধ নিষ্পত্তি কমিটি গঠন করার কথা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার সঙ্গে গতকাল মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভার পর বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী জানান, চলতি মাসেই এই কমিটি করা হবে। এতে উভয় পক্ষের প্রতিনিধি থাকবে। এই কমিটির মাধ্যমে পোশাক খাতের সমস্যা সমাধান করা হবে। এতে পোশাকশিল্পে কোনো অসন্তোষ থাকবে না। চিংড়ি খাতে বর্তমানে একই ধরনের কমিটি রয়েছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী। 

বাণিজ্যমন্ত্রী বলেন, অগ্রাধিকারমূলক বাণিজ্যসুবিধা (জিএসপি) ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্তগুলো বাংলাদেশ পূরণ করছে। পরিদর্শক নিয়োগও হয়ে গেছে। পোশাক কারখানার তথ্যভান্ডার উদ্বোধন হয়েছে। বাংলাদেশের গৃহীত এসব পদক্ষেপে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট।

কিছু আংশিকসহ যুক্তরাষ্ট্রের দেওয়া ১৬ শর্তের প্রায় সবই পূরণ হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আগামী ১৫ এপ্রিলের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে। নিশ্চয়ই তারা জিএসপি ফিরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনা করবে।’

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তির (টিকফা) প্রথম বৈঠক আগামী ২৮ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হবে বলে জানান মজীনা। তিনি বলেন, উভয় দেশের জন্যই ওই বৈঠকটি খুব গুরুত্বপূর্ণ হবে। আলোচনার মাধ্যমে অনেক বিষয়েরই সমাধান পাওয়া যাবে টিকফার বৈঠক থেকে।