বিকল্প বিরোধ নিষ্পত্তি নিয়ে বিয়াক ও পিসিএর সহযোগিতা চুক্তি সই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিয়াক ও পিসিএর মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারেথা কুয়েলিনায়েরসহ অন্যরা l ছবি: বিজ্ঞপ্তি
বিয়াক ও পিসিএর মধ্যে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারেথা কুয়েলিনায়েরসহ অন্যরা l ছবি: বিজ্ঞপ্তি

বিকল্প পদ্ধতিতে বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির জন্য বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও নেদারল্যান্ডসের হেগের পার্মান্যান্ট কোর্ট অব আরবিট্রেশনের (পিসিএ) মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ এ (রুমী) আলী ও পিসিএর সেক্রেটারি জেনারেল হুগো এইচ সিবলেস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষর করেন। ঢাকার লা মেরিডিয়ান হোটেলে গতকাল বুধবার বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মারগারেথা কুয়েলিনায়ের পিসিএর পক্ষে বিয়াকের সিইওর সঙ্গে চুক্তিটি বিনিময় করেন। অনুষ্ঠানে পিসিএর আন্তর্জাতিক আরবিট্রেটর প্যানেলের সদস্য সাবেক প্রধান বিচারপতি মো. তাফাজ্জল ইসলাম এবং হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি মো. আওলাদ আলী, বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান, ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশের (আইসিসিবি) ভাইস প্রেসিডেন্ট রোকিয়া এ রহমান, ব্যারিস্টার আজমালুল হোসেন, সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ফিদা এম কামাল, বিয়াকের এক্রেডাইটেড মেডিয়েটর এবং মিডিয়া ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

বিয়াক এক বিজ্ঞপ্তিতে জানায়, বিকল্প বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে পারস্পরিক সহায়তা ও উভয় প্রতিষ্ঠানের মাঝে দক্ষতা ভাগাভাগি করার লক্ষ্যে চুক্তিটি হয়েছে। এটি আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে দুটি প্রতিষ্ঠানের মধ্যে একটি সহযোগিতার কাঠামো প্রদান করে। চুক্তিটির আওতায় বিয়াক ও পিসিএ একে অপরের বিকল্প বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত যাবতীয় সুবিধা ভোগ করতে পারবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিসিএ বিশ্বের বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রতিষ্ঠানের মধ্যে একটি অন্যতম স্বনামধন্য ও স্থায়ী আন্তসরকার প্রতিষ্ঠান। বিশ্বের ১২১টি দেশ সম্মিলিতভাবে সালিস ও অন্যান্য বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি পরিচালনার লক্ষ্যে এ ফোরাম প্রতিষ্ঠিত করে। পিসিএর ১৯০৭ কনভেনশনের আওতায় ২০১২ সালে বাংলাদেশ এর সদস্যপদ লাভ করে।

 বিয়াক বাংলাদেশের প্রথম ও একমাত্র বিকল্প বিরোধ নিষ্পত্তি প্রতিষ্ঠান। ২০১১ সালের এপ্রিল মাস থেকে বিয়াক একটি অলাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিবন্ধিত হয়ে যাত্রা শুরু করে। দেশের তিনটি খ্যাতনামা ব্যবসায়িক সংগঠন আইসিসিবি, ঢাকা চেম্বার এবং মেট্রোপলিটন চেম্বার বিয়াকের পৃষ্ঠপোষক।