বিয়াকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আইনমন্ত্রী
বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি নিয়ে কাজ করবে সরকার

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতি নিয়ে সরকার বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) সঙ্গে কাজ করবে।
দেশে বাণিজ্য বিরোধ নিষ্পত্তিতে মধ্যস্থতা ও সালিসি সেবা প্রদানকারী প্রথম ও একমাত্র প্রতিষ্ঠান বিয়াকের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এই আশ্বাস দিয়েছেন।
রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ‘এডিআর: বাংলাদেশের জন্য ব্যবসায়িক উন্নয়নে অগ্রাধিকার’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান। অনুষ্ঠানে ট্রান্সকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) লতিফুর রহমান, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি হোসেন খালেদ, বিয়াকের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ এ (রুমি) আলী ও আইএফসির কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার উপস্থিত ছিলেন। এতে মূল বক্তা ছিলেন সিআরব-এর চেয়ারম্যান ফ্রান্সিস জেভিয়ার। প্যানেল আলোচনায় অংশ নেন সাবেক বিচারপতি আওলাদ আলী; আইন ও সংসদবিষয়ক বিভাগের সচিব মোহাম্মদ শহিদুল হক এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আনিস এ খান।
মন্ত্রী আনিসুল হক জানান, গত ১৯ জানুয়ারি থেকে সরকারি গেজেটের মাধ্যমে মেডিয়েশন বা মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান কার্যকর করা হয়েছে। সুতরাং এখন সর্বক্ষেত্রে মামলা আদালতের শরণাপন্ন হওয়ার আগে মধ্যস্থতার মাধ্যমে তা মীমাংসার চেষ্টা করতে হবে।
মাহবুবুর রহমান বলেন, গত পাঁচ বছরে ৫০টি আরবিট্রেশন মামলা পরিচালনা করেছে বিয়াক। এ ছাড়া একটি আন্তর্জাতিক বাণিজ্যিক বিরোধ মাত্র ১৪ ঘণ্টায় নিষ্পত্তি করেছে।