দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তিব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ায় তা বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সহায়ক হবে বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী জি এম কাদের।
বিকল্প বিরোধ নিষ্পত্তিবিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে গত বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।
রাজধানীর একটি হোটেলে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) এবং সেন্টার ফর ইফেকটিভ ডিসপিউট রেজুল্যশন (সিডর)। বিয়াক থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, ব্যবসা পরিচালনায় বিরোধের উৎপত্তি হলে তা দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তি করা প্রয়োজন। অর্থনীতির সঙ্গে সম্পর্কিত প্রতিষ্ঠান ও বিচারব্যবস্থা বাণিজ্যবান্ধব করে তোলা প্রয়োজন।
বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, দেশের বিচারব্যবস্থা প্রায় ২৪ লাখ মামলায় ভারাক্রান্ত। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে।
অনুষ্ঠানে বিয়াকের প্রধান নির্বাহী তৌফিক আলী, ব্যারিস্টার রফিক-উল হক, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান, সিডর ইউকের পরিচালক অ্যান্ডি গ্রসম্যান, ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) কর্মসূচি ব্যবস্থাপক মাসরুর রিয়াজ বক্তব্য দেন।