বিকল্প বিরোধ নিষ্পত্তি-সহায়ক প্যানেল চূড়ান্ত করেছে রাজস্ব বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্বসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) প্রথার সহায়তাকারী প্যানেল চূড়ান্ত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) যৌথভাবে ১২ জনের এই প্যানেল তৈরি করেছে। আগামী মাসের প্রথম সপ্তাহে এডিআরের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হচ্ছে। যেসব সহায়তাকারীরা প্যানেলে আছেন: সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী ও রোকেয়া আফজাল রহমান; ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান; এনবিআরের সাবেক সদস্য আবদুল লতিফ সিকদার, আলী আহমেদ, মোহাম্মদ শাহাবুদ্দীন ও মুহাম্মদ দেলওয়ার হোসেন; (মেট্রো চেম্বারের) সাবেক সভাপতি আনিস-উদ দৌলা ও বর্তমান সহসভাপতি নিহাদ কবির; এফবিসিসিআইয়ের আয়করবিষয়ক সাব-কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির; এনবিআরের সাবেক কর কমিশনার হুমায়ুন কবির ভূঁইয়া; এবং আয়কর আপিলাত ট্রাইব্যুনালের সাবেক সদস্য তারিক হায়দার।গতকাল বৃহস্পতিবার এনবিআরের চেয়ারম্যান ড. নাসির উদ্দিন আহমেদের নেতৃত্বে এনবিআরের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভায় এনবিআর ও এফবিসিসিআইয়ের পক্ষ থেকে এডিআর প্যানেল নাম চূড়ান্ত করার বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, এনবিআরের সদস্য সৈয়দ আমিনুল করিম, ফরিদ উদ্দিন, শাহ আলম খান, জাহান আরা সিদ্দিকী, মোহাম্মদ আলাউদ্দিন, সাবেক সদস্য আমিনুর রহমান প্রমুখ। জানা গেছে, শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক) ও আয়করের জন্য আপাতত ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে। শুল্কের জন্য চট্টগ্রাম কাস্টম হাউস, মূসক বিরোধ নিরসনে ঢাকা দক্ষিণ কমিশনারেট ও আয়করের জন্য কর অঞ্চল-১-এ কার্যক্রম শুরু হবে।