বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ব্যবসায়ীদের আগ্রহ কম
আদালতের বাইরে সালিসি ব্যবস্থার মাধ্যমে শুল্কসংক্রান্ত বিরোধ নিরসনের জন্য গত মার্চে চট্টগ্রাম কাস্টম হাউসে ‘বিকল্প বিরোধ নিষ্পত্তি’ কার্যক্রম চালু হয়েছিল। কিন্তু এই নয় মাসে বিকল্প ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তিতে ব্যবসায়ীদের সাড়া পাওয়া গেছে কম।জানা গেছে, শুল্ক বিরোধ নিয়ে উচ্চ আদালত, অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অ্যাপিলেট কমিশনারেট এবং আপিল বিভাগে বর্তমানে কাস্টম হাউসের প্রায় ১৫ হাজার মামলা বিচারাধীন। এসব মামলার বিপরীতে সরকারের রাজস্ব আটকে আছে দেড় হাজার কোটি টাকার বেশি। আমদানি পণ্যের শুল্কায়ন নিয়ে ব্যবসায়ীরা সন্তুষ্ট না হলে আদালতের আশ্রয় নেন। এভাবেই মামলাগুলো জমেছে। আর বেশির ভাগ মামলাই শুল্ক নিয়ে বিরোধের। আদালতের বাইরে গিয়ে বিকল্প ব্যবস্থায় সরকারের আটকে থাকা এসব রাজস্ব আদায় করতে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম চালু করা হয়। এ কার্যক্রম সফল হলে যেমন সরকারি কর্মকর্তাদের এসব মামলার পেছনে দৌড়াতে হবে না, তেমনি মামলাসংক্রান্ত খরচও কমে আসবে। কিন্তু ব্যবসায়ীদের দিক থেকে অনাগ্রহের কারণে এ ব্যবস্থার সুফল পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন শুল্ক কর্মকর্তারা।জানতে চাইলে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম মনে করেন, ‘বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য প্রচারণা দরকার। ব্যবসায়ীরা যদি বুঝতে পারেন এ পদ্ধতিতে তাঁরা সুবিধা পাবেন, তাহলে তাঁরা এগিয়ে আসবেন। আদালতে যাওয়ার প্রবণতাও তখন কমবে।’কাস্টম হাউস সূত্র জানায়, এ পর্যন্ত ১৫টি আমদানিকারক প্রতিষ্ঠান বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রমে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে সাতটি প্রতিষ্ঠানের বিরোধ এ ব্যবস্থায় নিষ্পত্তি হয়েছে। পাঁচটি প্রতিষ্ঠানের প্রক্রিয়াধীন। একটি প্রতিষ্ঠানের বিরোধ নিষ্পত্তি হয়নি। আর দুটি প্রতিষ্ঠান সমঝোতায় আসতে না পারায় এ ব্যবস্থায় বিরোধ নিষ্পত্তি হয়নি। মেসার্স তাজ ফেব্রিকস, হোয়াইট প্রোডাক্টস অ্যান্ড ইলেকট্রনিকস লিমিটেড, হারমোনিকস পাওয়ার লিমিটেড, আবদুল বাতেন অ্যান্ড ব্রাদার্স, সুজারা করপোরেশন, দীন স্টোরস ও বাইসি ইন্টারন্যাশনাল—এই সাতটি প্রতিষ্ঠানের নয়টি চালানে শুল্কবিষয়ক বিরোধ বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তি হয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রায় সোয়া দুই কোটি টাকার শুল্ক বিরোধ ছিল। তবে বিকল্প পদ্ধতিতে নিষ্পত্তির পর ৯২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা হয়েছে।কাস্টম হাউস সূত্র জানায়, বর্তমানে পাঁচটি প্রতিষ্ঠানের ৮১টি চালানের শুল্ক বিরোধ কার্যক্রম এ ব্যবস্থায় নিষ্পত্তির প্রক্রিয়াধীন। এই পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে আবুল খায়ের গ্রুপের ৬৩টি চালান, এ কে করপোরেশনের ১৫ এবং পূর্ণিমা ইলেকট্রিক্যাল, ডিভাইস ও রুবেল ব্রাদার্সের একটি করে চালান রয়েছে। এসব চালানে প্রায় ছয় কোটি ৪০ লাখ টাকার শুল্ক জড়িত রয়েছে।কাস্টম হাউসের যুগ্ম কমিশনার মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, ‘বিকল্প বিরোধ নিষ্পত্তিতে ব্যবসায়ীদের সাড়া কম ছিল, এটা ঠিক। হয়তো প্রচারণার অভাবে ব্যবসায়ীরা এ পদ্ধতির সুফল বুঝতে পারেননি। তবে এখন আমরা বড় বড় গ্রুপকে এ পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির জন্য বোঝাচ্ছি। ইতিমধ্যে আবুল খায়ের গ্রুপ এ ব্যবস্থায় আসার জন্য আদালতে আবেদন করেছে। অন্য বড় গ্রুপগুলোও ইতিবাচক মনোভাব দেখাচ্ছে।’