দেশে বিকল্প বিরোধ নিষ্পত্তি বিষয়ে যে আইনি সংস্কার আনা হয়েছে, তা বাস্তবায়নে প্রশিক্ষিত পেশাজীবী তৈরি করতে হবে।ঢাকায় গতকাল রোববার বিকল্প বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন সেন্টার (বিয়াক) ও যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক ইন্টারন্যাশনাল ল ইনস্টিটিউট (আইএলআই) আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।বিয়াকের চেয়ারম্যান মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন এর প্রধান নির্বাহী তৌফিক আলী। এতে আরও বক্তব্য দেন বিয়াকের পর্ষদ সদস্য লতিফুর রহমান, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান ও আইএলআইয়ের প্রতিনিধি কার্লোস ডাভিলা। বিয়াকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এসব তথ্য জানানো হয়েছে।শফিক আহমেদ বলেন, ‘আমাদের আদালতসমূহে বিদ্যমান মামলাজট নিরসনে সরকার বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। তার মধ্যে অন্যতম হলো, বিভিন্ন আইনে বিকল্প বিরোধ নিষ্পত্তি-পদ্ধতি অনুসরণ বাধ্যতামূলক করে আইনের সংশোধন।’ তিনি বলেন, সেদিন দূরে নয়, যখন বিয়াকের নাম সিঙ্গাপুর বা প্যারিসের মতো আরবিট্রেশন ভেন্যু বা বিরোধ নিষ্পত্তির স্থান হিসেবে উল্লেখ করা হবে। তৌফিক আলী শাহবাগে চলমান আন্দোলনের উল্লেখ করে বলেন, সব অপরাধ আইনি প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ। তবে ব্যবসা ও বিনিয়োগ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে বিষয়েও নেতাদের সতর্ক থাকতে হবে। তিনি ব্লগার রাজীব হত্যার নিন্দা জানান এবং আশা করেন, অচিরেই হত্যাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করা সম্ভব হবে।মাহবুবুর রহমান জানান, বিকল্প বিরোধ নিষ্পত্তি-পদ্ধতি অনুসরণের মাধ্যমে বাণিজ্যিক বিরোধের দ্রুত সমাধান করে ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ উন্নততর করার উদ্দেশ্যে তিনটি প্রধান ব্যবসায়ী চেম্বার বিয়াক প্রতিষ্ঠা করেছে। চেম্বারগুলো হলো: ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি), ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ও মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। বর্তমানে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় বিয়াক বিকল্প বিরোধ নিষ্পত্তি-পদ্ধতি সম্পর্কে দেশে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণেরও আয়োজন করছে। লতিফুর রহমান বলেন, দেশে এখন ২৭ লক্ষাধিক মামলা বিচারাধীন আছে। বিপুল এই মামলাজটের কারণে বিরোধ নিষ্পত্তিতে বিলম্ব ঘটে। তাই ব্যবসা-বাণিজ্যের অগ্রগতির জন্য প্রয়োজন বিকল্প বিরোধ নিষ্পত্তি-পদ্ধতি।লতিফুর রহমান ঢাকার শাহবাগে চলমান তরুণসমাজের আন্দোলন সম্পর্কে বলেন, তাঁরা সমাজে ইতিবাচক অবদান রাখছেন। তিনি আশা প্রকাশ করে বলেন, শাহবাগ আন্দোলন দেশের অর্থনীতির উন্নয়নে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। এ ছাড়া ১৯৭১ সালের মানবতাবিরোধী অপরাধে যারা দোষী সাব্যস্ত হবে, তাদের উপযুক্ত শাস্তি দিতে হবে বলে লতিফুর রহমান অভিমত দেন।