বিকাশকে কাজে লাগানো নিয়ে আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে সব ব্যাংকের প্রবাসী আয় আহরণ ও বিতরণ করা যায় কি না, তা নিয়ে বাংলাদেশ ব্যাংকের মতামত জানতে চেয়েছে বাণিজ্যিক ব্যাংকগুলো। তবে বাংলাদেশ ব্যাংক কোনো সিদ্ধান্ত না দিয়ে বলেছে, বিকাশ ও তাদের উদ্যোক্তারা রাজি হলে এ ধরনের ব্যবস্থা চালু করা যেতে পারে।
একই সভায় প্রণোদনা দিয়ে ও বিনা খরচে প্রবাসী আয় দেশে আনার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। যাঁরা ছোট অঙ্কের আয় পাঠাবেন তাঁদের জন্য এই সুবিধা দিতে বলা হয়েছে। প্রবাসী আয় আহরণকারী শীর্ষ ২০ ব্যাংকের সঙ্গে এক সভায় এসব আলোচনা ও নির্দেশনার বিষয়টি উঠে এসেছে। প্রবাসী আয় কমতে থাকায় নানা উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, বৈঠকে সব ব্যাংক মিলে অভিন্ন নেটওয়ার্ক স্থাপনে বিকাশকে ব্যবহারের প্রস্তাব এসেছে। এর মাধ্যমে প্রবাসী আয় ব্যবস্থাপনা করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। এ জন্য প্রথমে বিকাশ ও তাদের উদ্যোক্তাদের রাজি হতে হবে।
এস কে সুর চৌধুরী বলেন, পৃথক জাতীয় পেমেন্ট কাউন্সিল নিয়ে আলোচনা চলছে। এ ছাড়া প্রবাসী আয় আনতে পৃথক প্রতিষ্ঠান গঠন নিয়েও আলোচনা হয়েছে।
তবে গতকালের সভায় ব্র্যাক ব্যাংক বা তাদের সহযোগী প্রতিষ্ঠান বিকাশের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে গত রাতে যোগাযোগ করা হলে বিকাশের প্রধান নির্বাহী কামাল কাদির প্রথম আলোকে বলেন, ‘ওয়েস্টার্ন ইউনিয়নের অর্থ আমরা বিতরণ করি, সব বাণিজ্যিক ব্যাংকই আমাদের চ্যানেল ব্যবহার করতে পারে। এমন প্রস্তাব পেলে আমরা স্বাগত জানাব।’
কামাল কাদির বলেন, কয়েকটি দেশের কিছু দুষ্কৃতকারী বিকাশের নাম ও লোগো ব্যবহার করে অবৈধ ব্যবসা করছে। আমরা ৮ দেশে বিকাশের লোগো রেজিস্টার্ড করার উদ্যোগ নিয়েছি। রেজিস্টার্ড হলে অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে। এ জন্য আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।
সভায় ডাচ্-বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিন বলেন, অবৈধ পথে রেমিট্যান্স আসছে। বিকাশের মাধ্যমে অর্থ বিতরণ বন্ধ হলে বৈধ পথে রেমিট্যান্স আসার পরিমাণ বাড়বে। ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল হামিদ মিঞা বলেন, তাঁর ব্যাংকের মাধ্যমে ১ হাজার থেকে ৩০ হাজার টাকার যে রেমিট্যান্স আসত, তার পরিমাণ আগের চেয়ে প্রায় ২৫ শতাংশ কমে গেছে। এ জন্য বিদেশ থেকে যাঁরা ছোট অঙ্কের রেমিট্যান্স পাঠান, তাঁদের প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেন। সভায় পূবালী ব্যাংকের এমডি আবদুল হালিম চৌধুরী বলেন, দেশে টাকা আসছে, কিন্তু ডলার আসছে না। পাশাপাশি ব্যাংকে ও খোলাবাজারে ডলারের দামের পার্থক্য থাকায় অনেকে অবৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহী হয়ে উঠছেন।
সভায় একাধিক ব্যাংকের এমডি বলেন, মোবাইল ব্যাংকিংয়ে নগদ অর্থ উত্তোলনের সীমা কমিয়ে দেওয়ায় ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বাড়তে শুরু করেছে। এতে বোঝা যাচ্ছে যে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে রেমিট্যান্স আহরণ ও বিতরণ বেড়ে গিয়েছিল। তাই রেমিট্যান্স আহরণ ও বিতরণের কাজে কীভাবে বিকাশকে যুক্ত করা যায়, সে বিষয়ে কাজ করতে হবে, যাতে বিকাশের মাধ্যমে বিতরণ করা অর্থ বৈধ হিসেবে গণ্য হয়। আবার কোনো কোনো এমডি বলেন, প্রণোদনা দিয়ে ও বিনা খরচে বিদেশ থেকে অর্থ পাঠানোর সুযোগ দেওয়া হলে তাতে রেমিট্যান্স আসা বাড়বে। এ ক্ষেত্রে ২০০ ডলার পর্যন্ত প্রবাসী আয় এলে কোনো খরচ না নেওয়ার আলোচনা হয়।
সভা শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে ব্যাংকগুলোকে সচেতনতামূলক প্রচারণা চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। ছোট অঙ্কের রেমিট্যান্স পাঠানো বিনা মূল্যে করা যায় কিনা বা যেসব নেটওয়ার্ক ব্যবহার করে আয় আসে, তাদের মাশুল বেশি কি না, এসব নিয়ে আলোচনা হয়েছে। বিদেশ থেকে যাঁরা কম অঙ্কের আয় পাঠান, তাঁদের বিশেষ কোনো প্রণোদনা দেওয়া যায় কি না, এ নিয়েও সভায় আলোচনা হয়েছে।
এস কে সুর চৌধুরী আরও বলেন, কোনো কোনো ব্যাংক ছোট অঙ্কের রেমিট্যান্সে বিনিময় মূল্য নির্ধারণে বিশেষ প্রণোদনা দিতে চায়, তাদের সেই ব্যয় ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা খাতে দেখানোর সুযোগ দেওয়া হবে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০১৬-১৭ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে প্রবাসী আয় এসেছে ৭১৭ কোটি ৬০ লাখ ডলার। ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৮৬৩ কোটি ৭৬ লাখ ডলার। সেই হিসাবে প্রবাসী আয় আগের অর্থবছরের একই সময়ের চেয়ে প্রায় ১৭ শতাংশ কমেছে। এর আগে গত অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ কমেছিল আড়াই শতাংশ। প্রবাসী আয় কমছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়াসহ কয়েকটি দেশ থেকে।