বিকাশে প্রবাসী আয় পাঠালে মিলবে ৩.৫% প্রণোদনা
বিদেশ থেকে বিকাশের মাধ্যমে প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠালে অতিরিক্ত ১ শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে মুঠোফোনে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশ। ফলে বিকাশে প্রবাসী আয় পাঠালে সরকারের ঘোষিত আড়াই শতাংশ প্রণোদনার সঙ্গে বাড়তি ১ শতাংশ মিলে মোট সাড়ে ৩ শতাংশ প্রণোদনা পাবেন বিকাশ ব্যবহারকারীরা।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত বিকাশের এ সুযোগ পাবেন প্রবাসীরা। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকাশের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
২০১৯ সালের ১ জুলাই থেকে সরকার দেশে প্রবাসী আয়ে পাঠালে প্রবাসীদের ২ শতাংশ প্রণোদনা দিয়ে আসছিল। ১ জানুয়ারি থেকে প্রণোদনার পরিমাণ বাড়িয়ে আড়াই শতাংশ করার ঘোষণা দেয় অর্থ মন্ত্রণালয়। এখন সরকারি প্রণোদনার সঙ্গে বিকাশ আরও ১ শতাংশ বাড়তি প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার গ্রাহকদের।
বিকাশ জানায়, প্রবাসীরা ১৫ হাজার টাকা বা এর চেয়ে বেশি যেকোনো পরিমাণ অর্থ পাঠালে এ প্রণোদনা পাবেন। প্রচারণা চলাকালীন প্রত্যেক গ্রাহক প্রতি মাসে দুবার করে সর্বোচ্চ আটবার সুযোগটি নিতে পারবেন। এতে একজন গ্রাহক মাসে সর্বনিম্ন ৬০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার ৪০০ টাকা প্রণোদনা পাবনে।
বিকাশ আরও জানিয়েছে, বিকাশের অনুমোদিত ও তালিকাভুক্ত এমটিও এবং মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রবাসীরা দেশে থাকা তাঁদের স্বজনদের কাছে বিকাশের মাধ্যমে অর্থ পাঠিয়ে এ বাড়তি প্রণোদনা পাবেন। টাকা পাঠানোর পদ্ধতি এবং কোন কোন দেশ ও মানি ট্রান্সফার প্রতিষ্ঠানের মাধ্যমে টাকা পাঠানো যাচ্ছে, সেসব তথ্য বিকাশের ওয়েবসাইট থেকে জানতে পাবেন প্রবাসীরা।