বিকেএমইএ নির্বাচন ঘিরে অস্বচ্ছ কর্মকাণ্ডে উদ্বেগ
বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কার্যকরী পরিষদের নির্বাচন ঘনিয়ে এলেও একাধিক বিষয়ে অস্বচ্ছ কর্মকাণ্ড নিয়ে প্রার্থী ও ভোটাররা উদ্বেগ প্রকাশ করেছেন।প্রার্থী ও ভোটাররা বলছেন, প্রার্থীদের জন্য কোনো আচরণবিধি এখনো প্রকাশ করেনি নির্বাচন পরিচালনা কমিটি। একইভাবে ঢাকার ভোটকেন্দ্র পুনর্বহালের সিদ্ধান্তটি এখনো ভোটারদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। আবার মনোনয়নপত্র বাছাইয়ের সময়সূচি প্রার্থীদের অবহিত না করা এবং বাছাইকালে প্রার্থীদের না রাখারও অভিযোগ উঠেছে। বিকেএমইএর বর্তমান কমিটির নেতৃত্বাধীন প্যানেলকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য এ ধরনের অস্বচ্ছ কর্মকাণ্ড চলছে বলে একাধিক প্রার্থী-ভোটার অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে বিকেএমইএ নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মুহাম্মদ আইউব প্রথম আলোকে বলেন, নির্বাচনী আচরণবিধি প্রণয়ন করা হয়েছে। প্রার্থীরা যেকোনো সময় নির্বাচন পরিচালনা কমিটির কাছ থেকে তা সংগ্রহ করতে পারবেন। মুহাম্মদ আইউব আরও বলেন, ‘ঢাকার ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে বিজিএমইএ অফিসে। দু-এক দিনের মধ্যেই তা ভোটারদের চিঠি দিয়ে জানানো হবে।’বিকেএমইএর দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় গত ২৭ জুন। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালার ১৫(১) (ঙ) ধারা অনুসারে তফসিলে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ও সময় উল্লেখের বিধান থাকলেও তা পুরোপুরি অনুসৃত হয়নি। নির্বাচন পরিচালনা কমিটি তফসিলে ১৪ আগস্ট মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ উল্লেখ করলেও তাতে সুনির্দিষ্টভাবে সময় নির্ধারণ করেনি।একইভাবে ১৫ (৫) ধারা অনুযায়ী, মনোনয়নপত্র বাছাইয়ের সময় প্রার্থী অথবা তাঁর প্রস্তাবকারী বা সমর্থনকারী উপস্থিত থাকার বিধান থাকলে সেটিও যথাযথভাবে অনুসৃত হয়নি।আবার বিকেএমইএর বর্তমান সভাপতি সেলিম ওসমান মনোনয়নপত্র কেনার দিনই নির্বাচন পরিচালনা কমিটি হঠাৎ করে ঘোষণা দিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দুই দিন বাড়িয়ে দেয়। আবার মনোনয়নপত্র জমাদান-প্রক্রিয়া শেষ হওয়ার পর তা বাছাইয়ে ১১ দিন সময় নেওয়া হয়। এই দীর্ঘ সময়ক্ষেপণ নিয়েও প্রশ্ন উঠেছে।ঘোষিত তফসিল অনুযায়ী বাছাই শেষে প্রার্থীদের নামের তালিকা গতকাল শনিবার প্রকাশ করা হয়েছে। এতে মনোনয়নপত্র দাখিলকারী ৬৮ জন প্রার্থীর মধ্যে ৬১টি বহাল রাখা হয়েছে। বাদ দেওয়া হয়েছে সাতটি।তবে প্রার্থী তালিকা নিয়ে আপিল করা যাবে ২৮ আগস্ট। আর ২৯ আগস্ট আপিল বিষয়ে শুনানি হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ৩০ আগস্ট। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১ সেপ্টেম্বর। ভোট গ্রহণ হবে ১৫ সেপ্টেম্বর। এবারের নির্বাচনে বিকেএমইএর পর পর তিন মেয়াদের সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেল এবং বতর্মান কমিটির সভাপতি সেলিম ওসমানের নেতৃত্বাধীন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অভিযোগ রয়েছে, বিগত নির্বাচনে ঢাকার ভোটকেন্দ্রে সেলিম ওসমান পরাজিত হন। তাই এবার নির্বাচনে ভোটার সংখ্যা বাড়লেও প্রথমে ঢাকার ভোটকেন্দ্র বাতিল করে দেওয়া হয়। এতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ নিয়ে প্রথম আলোয় একটি সংবাদও প্রকাশিত হয়। এরপর ঢাকার ভোটকেন্দ্র পুনর্বহালের সিদ্ধান্ত নেয় নির্বাচন পরিচালনা কমিটি।