বিকেএমইএ নির্বাচন পেছানোর চেষ্টা
দেশের শীর্ষ রপ্তানি পণ্য নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে নানা প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। নির্বাচন পেছানোর জন্য বর্তমান কমিটির পক্ষ থেকে তৎপরতার অংশ হিসেবে এই বাধা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।সম্ভাব্য প্রার্থীরা মনোনয়নপত্র কিনতে গতকাল রোববার সকাল থেকে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে অবস্থিত বিকেএমইএর প্রধান কার্যালয়ে ভিড় জমান। কিন্তু দুপুর একটা পর্যন্ত তিন ঘণ্টা মনোনয়নপত্র বিক্রি করা হয়নি। বিকেএমইএ কার্যালয়ে কর্মরতরা জানান, নির্বাচন পরিচালনা বোর্ডের সচিব না আসায় মনোনয়নপত্র বিক্রি করা হবে না। বেলা একটার পরে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়। বেলা তিনটা পর্যন্ত ২০টি মনোনয়নপত্র বিক্রি করা হয়। তবে এসব মনোনয়নপত্রের কোনোটিতেই নির্বাচন পরিচালনা বোর্ডের সচিবের স্বাক্ষর ছিল না। সচিবের পক্ষে বিকেএমইএর অন্য এক কর্মকর্তা বিক্রি হওয়া মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন। একাধিক নিটশিল্প মালিক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, সচিব না থাকার অজুহাতে তাঁদের মনোনয়নপত্র দেওয়া হয়নি। নির্বাচন পরিচালনা বোর্ডের কাউকেই বিকেএমইএ অফিসে দেখা যায়নি। এদিকে ভোটার তালিকায় ত্রুটি আছে—এই অজুহাতে বিকেএমইএর নির্বাচন ১২০ দিন পেছানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে ইতিমধ্যে আবেদন করা হয়েছে। বিকেএমইএর বর্তমান সভাপতি এ কেম এম সেলিম ওসমান এর নেপথ্যে রয়েছেন বলেও অভিযোগ উঠেছে।তবে বিকেএমইএর কয়েকজন সদস্য প্রথম আলোকে বলেন, নির্বাচন পরিচালনা বোর্ড গঠন ও ভোটার তালিকা প্রণয়ন করেছে সেলিম ওসমানের নেতৃত্বাধীন কমিটি। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জুলাই ২৭ জন পরিচালক পদে নির্বাচনে ভোট গ্রহণ হওয়ার কথা। আর ৬ জুন মনোনয়নপত্র জমা নেওয়ার দিন। বাণিজ্য মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা যায়, সিয়াম নিটওয়্যারের স্বত্বাধিকারী আবু সাইদ এবং বিএফবি নিটের স্বত্বাধিকারী হাবিবুর রহমান নির্বাচনী বোর্ডের চেয়ারম্যানের কাছে সম্প্রতি ভোটার তালিকা ত্রুটিপূর্ণ উল্লেখ করে নির্বাচন সুষ্ঠু হবে না বলে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। এটি নির্বাচনী বোর্ড বিকেএমইএর পরিচালনা পর্ষদের কাছে পাঠালে পর্ষদ তা গত বৃহস্পতিবার বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়। জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, ‘আমরা মাত্র আবেদনটি পেলাম। এখন যাচাই করে দেখা হবে। পেছানোর যৌক্তিকতা খুঁজে না পাওয়া গেলে নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’যাঁরা মনোনয়নপত্র কিনলেন: গতকাল রোববার মনোনয়নপত্র কেনেন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষে সাবেক সহসভাপতি এম এ রহমান, কাশেম জামাল, আবদুর রাশেদ রাশু, সাবেক পরিচালক জাহিদুল হক দীপু, আবুল কালাম আজাদ এমপি, শেখ মনোয়ার হোসেন, শেখ হায়দার আলী পুতুল, আবু জাফর আহমেদ বাবুল, মাসুদুজ্জামান, ফজলে শামীম এহসান, এম এ বাসেদ, মাহবুব আলম, শেখ আবদুস সালাম। আরও কিনেছেন ফকির কামরুজ্জামান নাহিদ, খাজা আহসানউল্লাহ, ফয়সাল গোলাম হোসেন, এমরান হোসেন মিঠু প্রমুখ। এ ছাড়া পৃথকভাবে মনোনয়নপত্র কিনেছেন সাবেক জাতীয় ফুটবলার আশরাফউদ্দিন আহমেদ চুন্নু ও এস এম সালাহউদ্দিন। মনোনয়নপত্র কেনা শেষে বিকেএমইএর সাবেক পরিচালক শেখ মনোয়ার হোসেন বলেন, রোববার তাঁদের প্যানেলের আরও অনেকেই মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছিলেন, কিন্তু না পেয়ে ফিরে গেছেন। বিকেএমইএর যুগ্ম সচিব আকরাম হোসেন অবশ্য প্রথম আলোকে বলেন, সকালের দিকে মনোনয়নপত্র বিক্রি শুরু করতে কিছুটা দেরি হয়েছে। এ ব্যাপারে বিকেএমইএর সভাপতি সেলিম ওসমানের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।