বিকেএমইএ ফার্নেস অয়েলের মূল্য কমানোর দাবি জানাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) ফার্নেস অয়েলের দাম কমানোর জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়েছে। সংগঠনটির মতে, দাম কমানো হলে ফার্নেস অয়েলকে গ্যাসের বিকল্প হিসেবে ব্যবহার করা যাবে।একই সঙ্গে বিকেএমইএ নতুন বাজেটের প্রস্তাব অনুযায়ী রপ্তানি মূল্যের ওপর উৎসে আয়কর সংগ্রহের হার না বাড়িয়ে তা আগের মতো শূন্য দশমিক ৪০ শতাংশে বহাল রাখার দাবি তুলেছে।২০১১-১২ অর্থবছরের বাজেটের ওপর নারায়ণগঞ্জ ক্লাবে গত শনিবার অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিকেএমইএর সদস্যরা এ দাবি জানান। সভায় ইটিপির জন্য আমদানিকৃত কেমিক্যালের শুল্ককর হ্রাস, বন্ড লাইসেন্স নবায়নের মেয়াদ এক বছর থেকে বাড়িয়ে দুই বছরে উন্নীতকরণ, নিটওয়্যার খাতের জন্য নগদ প্রণোদনা আকারে বিশেষ সুবিধা ও ঝুঁকি তহবিল প্রদানের ব্যবস্থা করা, কটন ওয়েস্ট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, পটাশিয়াম নাইট্রেট ও পটাশিয়াম কার্বোনেটের শুল্ক হ্রাস করায় সরকারকে ধন্যবাদ জানানো হয়।একই সঙ্গে মুক্তিযোদ্ধা ও তাঁর পরিবারদের এবং কৃষি ও শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ রাখার জন্যও বর্তমান সরকারকে ধন্যবাদ জানানো হয়।সভায় ক্ষুদ্র শিল্পমালিকদের বাড়িভাড়া বাবদ প্রদেয় সমুদয় অর্থের ওপর ২০০৯ সালের ১১ জুন থেকে ১৫ শতাংশ এবং ২০১১ সালের ৯ জানুয়ারি থেকে নয় শতাংশে মূসক প্রযোজ্যের বিধান রহিতকরণ, রপ্তানিমুখী পোশাক খাতের স্বার্থে খুচরা যন্ত্রাংশের সব ধরনের আমদানিকে শুল্কমুক্ত করার দাবি জানানো হয়।মতবিনিময় সভায় বিকেএমইএর সদস্যরা বর্তমান সামাজিক অবস্থা ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটকে ভারসাম্যসুলভ ও দৃঢ়প্রত্যয়ী হিসেবে উল্লেখ করে সরকারকে ধন্যবাদ জানান। বিজ্ঞপ্তি।