রপ্তানিমুখী পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নিরসনে বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ) প্রয়োজনীয় সহায়তা করেনি বলে অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জের এস এম মালেহ রোড (টানবাজার) এলাকার একটি পোশাক কারখানার সমন্বয়কারী কর্মকর্তা গত বৃহস্পতিবার এই অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন বিকেএমইএর দায়িত্বপ্রাপ্ত একজন পরিচালক।
এস এম মালেহ সড়কে অবস্থিত পোশাক কারখানা পিকিউএস নিটওয়্যার লিমিটেড কারখানায় প্রায় ২০০ শ্রমিক কাজ করেন। শ্রমিকদের অভিযোগ, কারখানায় তিন মাসের বেতন ও ওভারটাইম বকেয়া থাকায় গত আগস্ট মাসের শেষ সপ্তাহে অসন্তোষ দেখা দেয়। বকেয়া আদায়ের জন্য শুরুতে কারখানার ভেতরে শ্রমিকেরা আন্দোলন শুরু করার পর কর্তৃপক্ষ সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বকেয়া পরিশোধের আশ্বাস দেয়।
এদিকে পিকিউএস নিটওয়্যারের সমন্বয়কারী সালাউদ্দিন আহাম্মদ জানান, ৫ সেপ্টেম্বর শ্রমিকদের বকেয়া বেতন ও ওভারটাইমের পাওনা দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। শ্রমিকদের বেতনের টাকা নিয়ে আগের দিন কারখানার ব্যবস্থাপক পালিয়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়। কারখানাটি আর্থিক সংকটে পড়ে যায়। তা ছাড়া গত ২৮ আগস্ট রাতে শ্রমিকনেতা সেলিম মাহমুদ ও জাহাঙ্গীর আহমেদ কারখানায় প্রবেশ করে উসকানি দিয়ে সব শ্রমিককে বের করে নিয়ে যান। পরদিন কারখানায় কাজে যোগ না দিয়ে বিকেএমইএ অফিস ঘেরাও করেন শ্রমিকেরা। বিষয়টি বিকেএমইএকে জানানো হলেও বিকেএমই এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।
সালাহউদ্দিন আরও জানান, বেশ কিছুদিন ধরে এ কারখানায় সাবকন্ট্রাকে পোশাক তৈরির কাজ হচ্ছে। তবে ২৮ আগস্ট শ্রমিকদের বের করে নেওয়ার কারণে ২ সেপ্টেম্বর ৩৩ হাজার ২৪১ পিস পোশাক শিপমেন্ট বাতিল হয়ে যায়। শ্রমিকেরা আর দুই দিন কাজ করলে তা বাতিল হতো না।
তিনি আরো বলেন, শ্রমিকনেতা ও বিকেএমইএকে বারবার অনুরোধ করার পরও কারখানায় শ্রমিকদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়নি। এরপর আরও ৭৪ হাজার পিস পোশাকের কার্যাদেশ বিকেএমইএর পরিচালক জি এম ফারুকের নির্দেশে ফেরত দেওয়া হয়।
এদিকে বিকেএমইএর পরিচালক জি এম ফারুক এ বিষয়ে বলেন, পিকিউএস নিটওয়্যার বিসিক শিল্প এলাকার কিং অ্যাপারেলসের কাজ এনে সাবকন্ট্রাকে পোশাক তৈরি করে থাকে। পিকিউএস নিটওয়্যারে শ্রমিকদের ঠিকমতো বেতন ও ওভারটাইম পরিশোধ না করায় সেখানে অসন্তোষ দেখা দেয়। এ কারণে সময়মতো বিদেশি ক্রেতাকে কাজ দিতে ব্যর্থ হতে পারে, এমন আশঙ্কায় কিং অ্যাপারেলস তাদের কার্যাদেশ ফেরত নিতে বিকেএমইএর সহায়তা চায়। তাই পিকিউএস থেকে তাদের কার্যাদেশ ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়।