বিকেএমইএর কমিটির মেয়াদ আবার বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর কমিটির মেয়াদ আবারও ছয় মাস বাড়িয়ে নিয়েছেন সংগঠনের সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমান। এর আগে ‘বিকেএমইএ কমপ্লেক্স’ নির্মাণের অজুহাতে গত বছর ছয় মাস সময় বাড়িয়ে নিয়েছিলেন তিনি।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের মতো এবারও নারায়ণগঞ্জে সংগঠনের প্রধান কার্যালয় বিকেএমইএ কমপ্লেক্স নির্মাণের কারণ দেখিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন করা হয়। জানুয়ারিতে বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বাড়ায় মন্ত্রণালয়। পুরো প্রক্রিয়াটি সেলিম ওসমান নিজে সমন্বয় করেছেন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত রাতে প্রথম আলোকে বলেন, শেষবারের মতো বিকেএমইএর কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। আর বাড়ানো হবে না। এ বিষয়ে সেলিম ওসমানের কাছ থেকে একটি অঙ্গীকারনামা নেওয়া হয়েছে।
সাড়ে ছয় বছর ধরে সেলিম ওসমান বিকেএমইএর সভাপতি পদে আছেন। এখন সেটি সাত বছরে পৌঁছাবে। অবশ্য বাণিজ্য সংগঠন আইন অনুযায়ী, কোনো বাণিজ্য সংগঠনের সভাপতি বা অন্য পদে থাকা ব্যক্তি বা পুরো কার্যনির্বাহী কমিটির সদস্যরা টানা ছয় বছর থাকতে পারবেন। তারপর এক মেয়াদ তিনি কমিটির বাইরে থাকবেন। তবে যৌক্তিক কারণ থাকলে মন্ত্রণালয় মেয়াদ বাড়াতে পারে।
এ বিষয়ে বিকেএমইএর একাধিক সাবেক নেতা বলেন, সাংসদ সেলিম ওসমান বিকেএমইএর সভাপতি পদটি আঁকড়ে রাখতে চান। সে জন্য তিনি কৌশল করে কমিটির মেয়াদ বাড়িয়ে নিচ্ছেন। ভবন নির্মাণ সংগঠনের রুটিন কাজ। এ জন্য কমিটির মেয়াদ বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।
জানতে চাইলে বিকেএমইএর প্রধান নির্বাহী কর্মকর্তা সুলভ চৌধুরী গতকাল বিকেলে বলেন, ‘গত জানুয়ারিতে বর্তমান কমিটির মেয়াদ ছয় মাস বেড়েছে।’
সেলিম ওসমানের নেতৃত্বাধীন বিকেএমইএর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গত ২১ সেপ্টেম্বর। তার আগেই কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয়ে গত ১৪ আগস্ট মেয়াদ ছয় মাস বৃদ্ধি করে। তখন ২০১৬-১৮ সময়ের জন্য সংগঠনের পরিচালনা পর্ষদের নির্বাচন প্রক্রিয়াধীন থাকলেও স্থগিত করা হয়। কমিটির বাড়তি মেয়াদ এ মাসে শেষ হওয়ার কথা।
জানা যায়, প্রধান কার্যালয় নির্মাণের জন্য এক দশকের বেশি সময় আগে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় ১৫ দশমিক ৬২ শতাংশ জমি কেনে বিকেএমইএ। গত ১ জুলাই দ্বিতীয়বারের মতো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়। বর্তমানে ভবনের পাইলিংয়ের কাজ চলছে। সেলিম ওসমানের নির্দেশে গত জুলাইয়ে ভবনটি নির্মাণের জন্য কমিটির মেয়াদ ১৮ মাস বৃদ্ধির একটি আবেদনে সদস্যদের কাছ থেকে সই নেয় বিকেএমইএ। সেটি গত ২ আগস্ট িতনি মন্ত্রণালয়ে জমা দেন।
জানতে চাইলে বিকেএমইএর সহসভাপতি মনসুর আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘ভবনের গ্রাউন্ড ফ্লোর হয়ে যাওয়ার পর দায়িত্ব ছেড়ে দিতে চাই আমরা। আগামী সেপ্টেম্বরের মধ্যে সেটি হয়ে যাবে। তার আগেই নির্বাচনের ঘোষণা দেওয়া হবে।’
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নারায়ণগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আসিফ হোসেন]