বিকেএমইএর ছয়জন পরিচালক একযোগে পদত্যাগ করেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ছয়জন পরিচালক গতকাল শনিবার একযোগে পদত্যাগ করেছেন।পদত্যাগকারী পরিচালকেরা হলেন জিএম ফারুক, শফিকুজ্জামান প্রিন্স, আনোয়ার হোসেন, হাসান মাহমুদ, জাকির হোসেন ও মোহাম্মদ শাহনেওয়াজ।বর্তমান সভাপতি নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যকরী পরিষদের নির্বাচন আয়োজন করছেন না—এমন অভিযোগ তুলে তাঁরা পদত্যাগ করেছেন।জানা গেছে, বাণিজ্য সংগঠনের সংঘবিধিতে কিছু পরিবর্তন আনার উদ্যোগ নেওয়ায় ডিসেম্বর মাসের শেষদিকে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বিকেএমইএর নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণা না করার জন্য বলা হয়। তাই বিকেএমইএর পরিচালনা পর্ষদ নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেনি।যোগাযোগ করা হলে বিকেএমইএর সভাপতি ফজলুল হক প্রথম আলোকে বলেন, ‘গত ২৪ ফেব্রুয়ারি বিকেএমইএর পর্ষদ সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে ১৫ দিনের মধ্যে নির্বাচনসংক্রান্ত প্রতিবন্ধকতা অপসারণের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’কিন্তু ১৫ দিন পার না হতেই পর্ষদের ছয়জন সদস্যের পদত্যাগ করা উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারির সভায় এই ছয়জন সদস্যের তিনজন উপস্থিত ছিলেন।ফজলুল হক আরও জানান, বাণিজ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের যোগাযোগ হয়েছে এবং আজ রোববারের মধ্যেই মন্ত্রণালয় থেকে নির্বাচন আয়োজনের ছাড়পত্র দেওয়ার কথা। মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেলেই নির্বাচন আয়োজনের যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। খোঁজ নিয়ে জানা গেছে, একটি গোষ্ঠী রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিকেএমইএর নেতৃত্বে আসার জন্য চেষ্টা চালাচ্ছে। তাঁরাই নেপথ্য থেকে দেশের শীর্ষ রপ্তানিকারকদের এই সংগঠনটিকে নানাভাবে অস্থিতিশীল করতে চাইছে। এদিকে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আইনবিষয়ক কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ছয়জন পরিচালকের পদত্যাগে সংগঠনের কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হওয়ার কথা নয়। বরং মেয়াদের মধ্যে নতুনভাবে সংগঠনের ছয়জন সদস্য পরিচালনা পর্ষদে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।