বিকেএমইএর নিটপণ্য প্রদর্শনী এবার জাপানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিট পোশাকমালিকদের সংগঠন বিকেএমইএর উদ্যোগে ষষ্ঠ নিট এক্সপোজিশন-২০১২ আগামী বছরের ২৫ থেকে ২৭ জানুয়ারি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হবে।ষষ্ঠ নিট এক্সপোজিশন বা নিটপণ্যের প্রদর্শনীর মূল স্পনসর বা পৃষ্ঠপোষক হয়েছে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল)। এ ব্যাপারে গত সোমবার ঢাকায় ডিবিবিএলের সঙ্গে বিকেএমইএর একটি চুক্তি হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, সহসভাপতি (অর্থ) এ এইচ আসলাম সানি, ডিবিবিএলের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।গতকাল বিকেএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এর আগে পাঁচটি নিট এক্সপোজিশন বা নিটপণ্যের প্রদর্শনী বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। কিন্তু এবার ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহ, আমেরিকা ও কানাডার বাজারে নিটপণ্য রপ্তানির নির্ভরতা কমাতে বিকেএমইএ জাপানের টোকিওতে এই মেলা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাপান প্রতিবছর দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের পোশাক আমদানি করে থাকে। দেশটির পোশাক ক্রয়নীতিতে ‘চীন প্লাস নতুন সোর্সিং দেশ’ কার্যক্রম নেওয়ায় এবং সম্প্রতি বাংলাদেশ থেকে নিটপণ্য রপ্তানির ক্ষেত্রে জিএসপির সুবিধা থ্রি স্টেজ থেকে টু স্টেজে শিথিল করায় জাপানে বাংলাদেশের সামনে একটি বিশাল বাজার তৈরি হয়েছে।