বিকেএমইএর নির্বাচন পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) ২০১০-১২ কার্যবর্ষের পরিচালনা পর্ষদ নির্বাচন পিছিয়ে গেছে। আগামী ১১ জুলাই নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে অবস্থিত বিকেএমইএর প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বিকেএমইএ নির্বাচন বোর্ড ও আপিল বোর্ডের যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাচনের কেন্দ্র ও আনুষঙ্গিক তথ্যাবলি পরবর্তী সময়ে অবহিত করা হবে বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিকেএমইএ নির্বাচন বোর্ড-সচিব সুলভ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিকেএমইএ নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক প্রথম আলোকে জানান, ‘এফবিসিসিআইয়ের আর্বিটেশন ট্রাইব্যুনালে বুধবার একটি রায় হয়েছে। এই রায় অনুযায়ী এখন যেকোনো ভোটার বিকেএমইএ পরিচালনা পর্ষদ নির্বাচনে একটি থেকে ২৭টি পর্যন্ত যেকোনো-সংখ্যক ভোট দিতে পারবেন। আগে আমাদের নিয়ম ছিল একজন ভোটারকে ২৭টি পরিচালক পদের মধ্যে ২৭টি ভোট দিতে হতো। ট্রাইব্যুনালের এই রায়ের কারণে নতুন করে ব্যালট পেপার ছাপানো ও ভোটারদের নতুন নিয়ম অবহিতকরণসহ সবকিছু মিলিয়ে আমাদের সময় প্রয়োজন। এ কারণে বিকেএমইএ নির্বাচন পেছানো হয়েছে।’ উল্লেখ্য, আগামী ২৬ জুন বিকেএমইএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ নামে একটি প্যানেলে ২৭ জন এবং প্যানেলের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭ জন। বিকেএমইএ নির্বাচনী বোর্ডের অন্য দুই সদস্য হলেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর ফারুক মঈন ও নারায়ণগঞ্জ ক্লাবের সাবেক সভাপতি মনির হোসেন। আর ঢাকা চেম্বারের সাবেক সভাপতি হোসেন খালেদ আপিল বোর্ডের চেয়ারম্যান। সদস্য আছেন বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা ও ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান।