বিকেএমইএর নির্বাচন স্থগিত করা হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিট পোশাক উৎপাদক ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০১২-১৪ সাল মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। আগামী ৭ জুলাই বিকেএমইএর এই নির্বাচন হওয়ার কথা ছিল। বাণিজ্য মন্ত্রণালয় থেকে ৪ জুন দেওয়া এক আদেশের পরিপ্রেক্ষিতে বিকেএমইএ নির্বাচন পরিচালনা পর্ষদ গতকাল মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে নতুন তফসিল শিগগির ঘোষণা করে তা সংগঠনের সদস্যদের কাছে পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।বিকেএমইএর সচিব সুলভ চৌধুরী জানান, সাত দিনের মধ্যে নতুন তফসিল ঘোষণা করা হবে। তবে নির্বাচন আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। ইতিমধ্যে যাঁরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, তা বহাল থাকবে।বাণিজ্য মন্ত্রণালয় এর আগে বিকেএমইএ নির্বাচন পরিচালনা পর্ষদের মেয়াদ দুই মাস বাড়ায়। পর্ষদ ও দুজন ভোটারের আবেদনের পরিপ্রেক্ষিতে তা করা হয়। নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য প্রবীর কুমার সাহা জানান, পর্ষদের মেয়াদ ১৭ জুলাই পর্যন্ত, তা ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তিনি আরও জানান, ভোটার তালিকায় ত্রুটির কারণে এখনই ভোট গ্রহণ করা সম্ভব নয়। নির্বাচন পরিচালনা পর্ষদ সাত দিনের মধ্যে সভা করে পুনঃ তফসিল ঘোষণা করবে। বিকেএমইএ সূত্রে জানা গেছে, সিয়াম নিটওয়্যারের স্বত্বাধিকারী আবু সাইদ ও বিএফবি নিটের স্বত্বাধিকারী হাবিবুর রহমান সম্প্রতি লিখিত অভিযোগে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যানকে জানান, ভোটার তালিকায় ত্রুটি রয়েছে। তাঁদের আপত্তির বিষয়টি নির্বাচন পর্ষদ বিকেএমইএর পরিচালনা পর্ষদকে জানালে তারা গত বৃহস্পতিবার তা বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় ভোটার তালিকা সংশোধনের জন্য দুই মাস সময় দিয়েছে।গতকাল মঙ্গলবার ছিল বিকেএমইএ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এর আগে গত সোমবার বিকেল পর্যন্ত মোট ৮৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। এদিন মনোনয়নপত্র কেনেন সংগঠনটির বর্তমান প্রথম সহসভাপতি হাবিবুর রহমান, দ্বিতীয় সহসভাপতি মোহাম্মদ হাতেম ও সহসভাপতি (অর্থ) এ এইচ আসলাম সানি। এর আগের দিন মনোনয়নপত্র সংগ্রহ করে সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেল।এদিকে, দুদিন মনোনয়নপত্র বিক্রির পর নির্বাচন স্থগিত করায় সংশ্লিষ্ট মহলগুলোতে প্রশ্ন উঠেছে। এ ছাড়া, যাঁদের বিরুদ্ধে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়নের অভিযোগ ছিল, তাঁদেরই আবার সেটি সংশোধনের দায়িত্ব দেওয়ায় অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন।