বিকেএমইএর নির্বাচন ১৫ সেপ্টেম্বর
দেশের নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর ২০১২-১৪-এর পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। এ নির্বাচন সামনে রেখে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিকেএমইএর পর পর তিন মেয়াদের সাবেক সভাপতি ফজলুর হকের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরীতে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে গিয়ে মালিকদের সঙ্গে কুশল বিনিময় ও ভোটপ্রার্থনা করেন ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা। প্রচারণাকালে ফজলুল হকের সঙ্গে ছিলেন আবদুর রাশেদ, শেখ হায়দার আলী, মাসুদুজ্জামান, জাহিদুল হক ভূঁইয়া, ফজলে শামীম এহসান প্রমুখ। এ সময় তাঁরা তাঁদের প্যানেলকে জয়ী করার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান এবং নির্বাচনে তাঁদের জয়ী করা হলে তাঁরা মালিকদের স্বার্থ রক্ষার প্রতিশ্রুতি দেন। নির্বাচন পরিচালনা বোর্ড ১৭ জুলাই ভোটার হওয়ার শেষ সময় নির্ধারণ করেছে। ৬ থেকে ১১ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে। ১২ আগস্ট মনোনয়নপত্র গ্রহণ করা হবে। ১৪ আগস্ট বাছাই সম্পন্ন হবে। ২ সেপ্টেম্বর নির্বাচন পরিচালনা বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৭ সেপ্টেম্বর।এবার বিকেএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ কটন অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আইউব। বোর্ডের অপর দুজন সদস্য প্রবীর কুমার সাহা ও এম সোলায়মান। উল্লেখ্য, ৭ জুলাই বিকেএমইএর ২০১২-১৪-এর পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনকে কেন্দ্র করে ৮৭ জন প্রার্থী মনোনয়নপত্রও সংগ্রহ করেছিলেন। কিন্তু ভোটার তালিকা নিয়ে দুই সদস্যের আপত্তির কারণে গত ৪ জুন বাণিজ্য মন্ত্রণালয় চিঠি দিয়ে নির্বাচনের তারিখ দুই মাস পিছিয়ে দেয়। পরে ৫ জুন সভা করে নির্বাচন পরিচালনা বোর্ড নির্বাচন কার্যক্রম স্থগিত করে। এদিকে যাঁরা আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তাঁদের নতুন করে মনোনয়নপত্র সংগ্রহের মাশুল লাগবে না বলে জানিয়েছেন বিকেএমইএর সচিব সুলভ চৌধুরী। তিনি জানান, যাঁরা আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন, তাঁরা যদি আগের মনোনয়নপত্র ও রসিদ জমা দেন, তবেই তাঁরা নতুন মনোনয়নপত্র পাবেন।