বিকেএমইএর নির্বাচনী ও আপিল বোর্ড গঠিত হলো
অবশেষে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচন-প্রক্রিয়া শুরু হয়েছে।গতকাল রোববার নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের ২২তম সভায় ২০১০-১২ কার্যবছরের পরিচালনা পর্ষদ নির্বাচনের জন্য গঠন করা হয়েছে নির্বাচনী বোর্ড ও আপিল বোর্ড।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক আবদুল হককে চেয়ারম্যান এবং লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের সাবেক গভর্নর ফারুক মঈন ও নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সাবেক সভাপতি মনির হোসেনকে সদস্য করে নির্বাচনী বোর্ড গঠন করা হয়েছে।অন্যদিকে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি হোসেন খালেদকে চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার সাহা ও ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মানকে সদস্য করে আপিল বোর্ড গঠন করা হয়েছে।গতকালের বৈঠকে নির্বাচনী বোর্ডকে পরিচালনা পর্ষদের নির্বাচন ২০১০-১২ তফসিল প্রণয়ন, সময়সূচি ও ভোটকেন্দ্র নির্ধারণসহ নির্বাচনসংশ্লিষ্ট সব কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়।পরে বিকেএমইএর সভাপতি ফজলুল হক জানান, নির্বাচন ও আপিল বোর্ড গঠনের মাধ্যমে নির্বাচন-প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্বাচনী বোর্ড তফসিল ঘোষণা ও ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে।প্রসঙ্গত, গত ২৭ ডিসেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের পরিচালক (ডিটিও) উপসচিব তানকিন হক সিদ্দিকী এক অফিস আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিকেএমইএকে নির্বাচনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার পরামর্শ দেন। তিনি বাণিজ্য সংগঠন অধ্যাদেশ ১৯৬১-এর ৮(ক) ধারা উল্লেখ করে এ আদেশ জারি করেন। সে সময় বাণিজ্য সংগঠনের সংঘবিধিতে কিছু পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছিল সরকার। যে কারণে বিকেএমইএর নির্বাচনের তারিখ ও তফসিল ঘোষণার ওপর এই বিধিনিষেধ আরোপ করা হয়েছিল বলে জানা যায়।তবে বাণিজ্য সংগঠনের পরিচালকের দপ্তর থেকে গত ৭ মার্চ চিঠি দিয়ে বিকেএমইএ নির্বাচনী কার্যক্রমের ওপর ইতিপূর্বে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়। গতকালের পর্ষদ সভায় নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়েছে।