বিকেএমইএর নির্বাচনী প্রচারণা জমে উঠেছে
বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নির্বাচনী প্রচার-প্রচারণা বেশজমে উঠেছে। প্রতিদ্বন্দ্বী দুই প্যানেলের প্রার্থীরা এখন ভোটারদের আকর্ষণে চেষ্টা করছেন।সাবেক সভাপতি ফজলুল হকের নেতৃত্বাধীন প্যানেলের প্রার্থীরা গতকালশনিবার তিনটি পৃথক দলে বিভিন্ন পোশাক কারখানায় গিয়ে ভোট প্রার্থনা করে। দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটী বিসিক শিল্পনগরে অবস্থিত বিভিন্ন পোশাক কারখানায় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন দলনেতা ও বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হকসহ অন্য নেতারা। অপর একটি দল ঢাকার বিভিন্ন পোশাক কারখানায় গিয়ে প্রচারণা চালিয়েছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জেও একটি দল ফজলুল হক প্যানেলের পক্ষে প্রচারণা চালায়। প্যানেলটির নেতারা জানান, প্রচার-প্রচারণাকালে তাঁদের পূর্ণ সমর্থন দিয়েছেন অনেক নিটওয়্যার শিল্পমালিক, যার প্রতিফলন ঘটবে ভোটের ফলাফলে। এ ব্যাপারে ফজলুল হক জানান, তাঁরা প্রচার-প্রপাগান্ডার চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়াকেই আসল কাজ বলে মনে করছেন। তিনি বলেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে সব অপপ্রচারের বিরুদ্ধে সত্যের জয় হবে ইনশাল্লাহ।’ অপরদিকে সেলিম ওসমানের নেতৃত্বাধীন প্যানেলের পক্ষেও বিভিন্ন স্থানে প্রচারণা চলছে। তারাও ভোটারদের কাছে ভোট চাইছে। উল্লেখ্য, আগামী১৫ সেপেম্বর বিকেএমইএর নির্বাচন অনুষ্ঠিত হবে।