বিকেএমইএর নির্বাচনে কমিশন গঠনের দাবি
বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) নির্বাচনের জন্য অবিলম্বে কমিশন গঠন করার এবং অস্তিত্ব রয়েছে এমন প্রতিষ্ঠানের সদস্যপদ নবায়ন করার দাবি জানিয়েছে নিট গার্মেন্টস মালিকদের একটি অংশ।গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনের আগে ২৬০টি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকের পক্ষে এসব দাবি নিরসনে যথাযথ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে বিকেএমইএর সভাপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়। উল্লেখ্য, বিকেএমইএর সদস্যসংখ্যা প্রায় এক হাজার ৭০০। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিকেএমইএর সাবেক সভাপতি মঞ্জুরুল হক। বক্তব্য দেন নারায়ণগঞ্জ চেম্বারের সভাপতি ও বিকেএমইএর সাবেক সহসভাপতি সেলিম ওসমান, সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম, আবু আহমেদ সিদ্দিক, আসলাম সানি, আবদুস সোবহান মিয়া প্রমুখ।সংবাদ সম্মেলনে নবায়নকৃত সব সদস্যকে ভোটাধিকার দেওয়া, সুতার মূল্য স্থিতিশীল রাখা, বেনাপোল স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানি সহজীকরণ ও গ্যাস-বিদ্যুতের সংকট সমাধানেরও দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ইউডি না নেওয়াসহ বিভিন্ন তুচ্ছ অজুহাতে বেশ কিছু প্রতিষ্ঠানের সদস্যপদ নবায়ন না করে বাতিল করার প্রচেষ্টা চলছে। নতুন সদস্যপদ দেওয়ার ক্ষেত্রেও নানা রকম হয়রানি করা হচ্ছে।লিখিত বক্তব্যে আরও বলা হয়, ৩১ ডিসেম্বর ২০০৯ তারিখের মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং ১০ জানুয়ারি ২০১০-এর মধ্যে নির্বাচনী তফসিল ঘোষণার কথা ছিল। অথচ এখন পর্যন্ত নির্বাচন কমিশন গঠন করা হয়নি।