বিকেএমইএর নির্বাচনের ভোট গ্রহণ সম্পন্ন
ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দেশের নিট পণ্য রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর ২০১০-১২ মেয়াদের পরিচালনা পর্ষদ নির্বাচন সম্পন্ন হয়েছে।নারায়ণগঞ্জ ক্লাবের বুড়িগঙ্গা মিলনায়তন ও ঢাকার অফিসার্স ক্লাবে সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটায় শেষ হয়। গত রাতে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনায় সেলিম ওসমানের নেতৃত্বাধীন প্যানেল এগিয়ে ছিল।নির্বাচনে ২৭টি পরিচালক পদের জন্য দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪ জন প্রার্থী। নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ কে এম সেলিম ওসমানের নেতৃত্বে সম্মিলিত নিট পরিষদ ২৭টি পদে এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক, মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুরের নেতৃত্বে প্রগ্রেসিভ নিট এলায়েন্সে ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।উভয় প্যানেলের নেতারা গতকাল রোববার দুপুরে প্রথম আলোর প্রতিবেদকের কাছে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে বলে মত দেন।এবার প্রথমবারের মতো একজন ভোটার এক থেকে ২৭ পর্যন্ত যেকোনো সংখ্যক ভোট দিতে পারবেন। এর আগে একজন ভোটারকে ২৭টি পরিচালক পদেই ভোট দিতে হতো।বিকেএমইএর নির্বাচনে এবার ভোটারসংখ্যা ৫১১ জন। এর মধ্যে নারায়ণগঞ্জেই রয়েছেন ৩৩২ জন। নারায়ণগঞ্জের বাইরে রয়েছেন ১৭৯ জন।বিকেএমইএর নির্বাচনী আপিল বোর্ডের সদস্য প্রবীর কুমার সাহা জানান, ঢাকায় ১৪৭ জন ও নারায়ণগঞ্জে ৩২৫ জন ভোটার ভোট দিয়েছেন।