বিকেএমইএর সভাপতি হলেন সেলিম ওসমান
নিট পণ্য রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন এ কে এম সেলিম ওসমান। তিনি উইজডম অ্যাটায়ার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। একই সঙ্গে তিনি নারায়ণগঞ্জ চেম্বার ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি।এ ছাড়া বিকেএমইএর নতুন সহসভাপতি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান, মোহাম্মদ হাতেম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) শারাফাত জামিল এবং সহসভাপতি (অর্থ) নির্বাচিত হয়েছেন আসলাম সানি।বিকেএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে গত রোববার সেলিম ওসমানের নেতৃত্বাধীন সম্মিলিত নিট পরিষদ ২৭টি পরিচালক পদের সব কটিতেই জয়ী হয়। গতকাল নির্বাচিত পরিচালকেরা তাঁদের মধ্য থেকে সভাপতি ও সহসভাপতি নির্বাচিত করেন। ২০১০ থেকে ২০১২ মেয়াদে নতুন এই কমিটি দায়িত্ব পালন করবে। নারায়ণগঞ্জে বিকেএমইএর প্রধান কার্যালয়ে গতকাল নির্বাচিত পরিচালকদের সভায় সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক। এ সময় অপর দুই নির্বাচন কমিশনার ফারুক মঈন ও মনির হোসেন উপস্থিত ছিলেন।