বিকেন্দ্রীকরণ ব্যবস্থাপনার রূপরেখা এ বছরই দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরই বিকেন্দ্রীকরণ ব্যবস্থাপনার একটি রূপরেখা দেবে সরকার। এতে সুশাসন ব্যবস্থাপনা, বাজেট বিভাজন ইত্যাদি প্রস্তাব থাকবে। এর আগে এই রূপরেখার পক্ষে জনমত তৈরি করা হবে।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার মেকিং ভিশন ২০২১ এ রিয়ালিটি শীর্ষক প্রেক্ষিত পরিকল্পনার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) এই প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করেছে।রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার, জিইডি সদস্য শামসুল আলম, পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক কাজী শাহাবুদ্দীন ও বেসরকারি সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেন। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ক্ষেত্রে দুটি বিষয়কে গুরত্ব দিতে হবে। প্রথমত, শহর ও গ্রামের মধ্যে আয়বৈষম্য কমানো, দ্বিতীয়ত নগরায়ণ। তাঁর মতে, গ্রামের মানুষকে গ্রামে রেখেই কীভাবে নগরের সুবিধা দেওয়া যায় তা দেখতে হবে।আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘কালোবাজারেই হোক না কেন, দেশের মানুষের বিত্ত অসম্ভব বেড়েছে, যা চিন্তাই করা যায় না।’ তিনি আরও বলেন, শিল্পায়নের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। আর জনসংখ্যা নিয়ন্ত্রণে পর্যাপ্ত উদ্যোগ দরকার। এ কে খন্দকার বলেন, প্রেক্ষিত পরিকল্পনাটি একটি অংশগ্রহণমূলক দলিল। সারা দেশ থেকে মাঠপর্যায়ের মত নিয়ে এটি প্রণীত হয়েছে। এতে সবার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন রয়েছে। শামসুল আলম বলেন, দেশে এই প্রথমবারের মতো দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণীত হলো। এতে মানবসম্পদ উন্নয়নকেই সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, টেকসই উন্নয়নে সরকারের ভূমিকা থাকবে, যা নিয়ন্ত্রক বা মালিকের নয়। মাহবুব হোসেন বলেন, পল্লি অঞ্চলে মানসম্পন্ন শিক্ষার ওপর আরও গুরত্ব দেওয়া উচিত। এ ছাড়া জনসংখ্যা বৃদ্ধিকে নিয়ন্ত্রণে আনার পর্যাপ্ত উদ্যোগ থাকা দরকার। সরকারের নেওয়া এই রূপকল্পের লক্ষ্য অর্জন করা সম্ভব বলে তিনি মত দেন। কাজী শাহাবুদ্দীন বলেন, এই পরিকল্পনাটি দারিদ্র্যবিমোচনে সহায়তা করবে ও আয়বৈষম্য কমাবে।