বিকেবির ১৫০০ পরিদর্শক ও কোষাধ্যক্ষ বৈষম্যের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বৈষম্যপূর্ণ আচরণে হতাশাজনক ও মর্যাদাহীনভাবে চাকরি করছেন বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) পরিদর্শক ও কোষাধ্যক্ষরা। নিজ প্রতিষ্ঠানের এই দেড় হাজার কর্মচারীর অধিকার আদায়ে মনোযোগী নয় বিকেবিও।
অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জারি করা বিকেবির জনবলকাঠামো আদেশ ও পদোন্নতি নীতিমালা এবং বিকেবি, রাকাব, কর্মসংস্থান ব্যাংক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চাকরি প্রবিধানমালা বিশ্লেষণে বিষয়টি উঠে এসেছে।
পরিদর্শক ও কোষাধ্যক্ষরা বিকেবি এবং অর্থ মন্ত্রণালয়ে আবেদন করেও কোনো সুবিচার পাচ্ছেন না। বরং অভিযোগ রয়েছে, ভেতর থেকে বিরোধিতা করছে বিকেবি কর্মচারী ইউনিয়ন (সিবিএ)।
বিকেবির কর্মচারীরা বলছেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ২০১৪ সালের জুলাইয়ে জারি হওয়া জনবলকাঠামো আদেশটি অস্পষ্ট, স্ববিরোধী ও বৈষম্যপূর্ণ।
জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসূর রহমান গত সোমবার প্রথম আলোকে বলেন, বিষয়টি তাঁর ভালো জানা নেই, খতিয়ে দেখার জন্য অতিরিক্ত সচিব ফজলুল হককে দায়িত্ব দিয়েছেন।
নতুন কাঠামোতে ৫২টি পদে মোট ১৫ হাজার ৪৪২ জনবলের অনুমোদন দেওয়া হয়। যার মধ্যে কর্মকর্তা পদধারী ৭ হাজার ১৩৫ জন এবং কর্মকর্তা (ক্যাশ) পদে ১ হাজার ২৯৯ জন। জনবলকাঠামো আদেশে পদের নাম, বেতন ও অনুমোদিত পদসংখ্যা উল্লেখ থাকলেও পরিদর্শক ও কোষাধ্যক্ষ পদ দুটি নেই।
আদেশে বলা হয়েছে, ‘বিকেবিকে তথ্যপ্রযুক্তিভিত্তিক ও কর্মকর্তানির্ভর ব্যাংক করতে পরিদর্শক ও কোষাধ্যক্ষ পদ পর্যায়ক্রমে বিলুপ্ত করা হবে। এ প্রক্রিয়া কার্যকর করা হবে পদোন্নতি, অবসর, মৃত্যু, চাকরিচ্যুতি ও পদ পরিত্যাগের মাধ্যমে। পরিদর্শকের পদ বিলুপ্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সমসংখ্যক কর্মকর্তা এবং কোষাধ্যক্ষের পদ বিলুপ্ত হলে কর্মকর্তা (ক্যাশ) পদ জনবলকাঠামোতে সৃষ্টি হবে।’
একজন পরিদর্শক বলেন, পদ দুটি বিলুপ্ত ‘হবে’ না ‘হয়েছে’, সেটাই স্পষ্ট নয়। কেউ মারা গেলে বা কারও চাকরি চলে গেলে একজনকে কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে—বিষয়টি অমানবিক।
একদিকে জনবলকাঠামোতে পরিদর্শক ও কোষাধ্যক্ষ পদ রাখা হয়নি; অন্যদিকে শর্তে বলা হয়েছে, পদ দুটি বিলুপ্ত করা হবে। অন্য এক শর্তে বলা আছে, চাকরি প্রবিধানমালা সংশোধন করে বিলুপ্ত পদগুলোকে বাদ এবং নতুন পদগুলোকে যোগ করতে হবে।
কিন্তু আড়াই বছর পার হলেও চাকরি প্রবিধানমালা সংশোধনের উদ্যোগ নেয়নি বিকেবি। বরং কর্মকর্তা পদে ২ হাজার নতুন নিয়োগের প্রক্রিয়া চলছে। অথচ প্রবিধানমালায় বলা আছে, ৫০ শতাংশ পদোন্নতি ও ৫০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মকর্তা নিয়োগ পাবেন।
অন্য বঞ্চনার চিত্রও রয়েছে বলে জানান বিকেবির কর্মচারীরা। চাকরি প্রবিধানমালায় বিকেবির পরিদর্শক, কোষাধ্যক্ষসহ সাঁটলিপিকারদের পদোন্নতির জন্য শর্ত পাঁচ বছরের চাকরির। অথচ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং কর্মসংস্থান ব্যাংকে পদোন্নতির শর্ত তিন বছরের চাকরি।
বিকেবির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আউয়াল খান প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি আমরা দেখব। শিগগিরই প্রস্তাব পাঠাব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে।’
জানতে চাইলে বিকেবির পরিচালনা পর্ষদের তিন সদস্য মোহাম্মদ শফিকুল আজম, মোহাম্মদ আবদুল কাইয়ুম ও নাসিরউদ্দিন আহমেদ বলেন, আগামী পর্ষদ বৈঠকে এ নিয়ে তাঁরা কথা বলবেন।
বিকেবির সাবেক এমডি এম এ ইউসুফের সভাপতিত্বে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ব্যাংক ব্যবস্থাপনা ও সিবিএর যৌথ সভায় জনবলকাঠামো পুনর্বিন্যাস ও পদোন্নতি নীতিমালায় সংশোধনী আনার সিদ্ধান্ত হলেও পরে তা এগোয়নি।
বিকেবির সিবিএর সভাপতি ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, পাঁচ বছরের জায়গায় তিন বছর করার ব্যাপারে তিনি একমত। অন্য বিষয়ে তাঁর কথা নেই। তবে মাঠ প্রশাসনে লোক থাকা উচিত।
পদোন্নতির বিষয়ে সিবিএর বিরোধিতা রয়েছে কি না—জানতে চাইলে ফরিদ আহমেদ বলেন, ‘পদোন্নতি পেয়ে কর্মকর্তা হয়ে গেলেও ব্যাংকে কর্মচারীও থাকবেন। তাঁদের নিয়েই সিবিএ চলবে।’