বিক্রয় ডটকমের নাচের বিজয়ীরা পেলেন এক লাখ টাকা

বাংলাদেশের অনলাইন মার্কেট প্লে বিক্রয় ডটকম আয়োজিত ‘নেচে উঠুন বিক্রয়ের সুরে আর জিতে নিন লক্ষ টাকা’ প্রতিযোগিতার বিজয়ীদের এক লাখ টাকার পুরস্কার দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।
বিক্রয় ডটকমের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ডান্স গ্রুপ ব্লু পপার। ১৬ সদস্যের এই গ্রুপের সবাই বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গ্রুপের টিম লিডার হৃদয় বলেন, ‘প্রতিযোগিতায় জয়ী হতে পেরে আমরা সত্যিই আনন্দিত। কখনোই ভাবিনি যে আমাদের নাচটিই সবচেয়ে বেশি লাইক পাবে। এই পুরস্কার এবং স্বীকৃতি ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাবে।’
প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় রানারআপ হয়েছে মুনতাসির এম তাহসিন ও তাঁর দল এবং আবির আহমেদ ও তাঁর দল। পুরস্কার হিসাবে তাঁরা পেয়েছেন বিক্রয় ডটকমের বিশেষ গিফট প্যাক।
গত আগস্ট মাসে বিক্রয় ডটকম ধানমণ্ডির রবীন্দ্র সরোবরে এক ফ্ল্যাশমবের আয়োজন করা হয়। পরে সারা দেশ থেকে নাচের প্রতিভা খুঁজে বের করতে এই প্রতিযোগিতার ঘোষণা দিয়েছিল বিক্রয় ডটকম।
বিক্রয় ডটকমের মার্কেটিং ব্যবস্থাপক ঈশিতা শারমিন বলেন, ‘প্রতিযোগিতা চলাকালীন আমরা অসংখ্য নাচের ভিডিও পেয়েছি, যা আমাদের অভিভূত করেছে। শতাধিক নাচের ভিডিও থেকে বাছাই করে বিক্রয় ডটকমের ফেসবুক ফ্যান পেইজে ৪৬টি শেয়ার করা হয়। এর মধ্য থেকে সর্বাধিক লাইকের ভিত্তিতেই আমরা বিজয়ী নির্বাচন করি।’