বিক্রি কমে লোকসান বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মাসে গড়ে ছয় হাজার টন ভোজ্যতেল বিক্রি করে বাংলাদেশ এডিবল অয়েল (রূপচাঁদা)। কিন্তু গত মাসে প্রতিষ্ঠানটির তেল বিক্রি হয়েছে লক্ষ্যমাত্রার ৮২ শতাংশ। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, হরতালের কারণেই তাঁদের পণ্য বিক্রির এই দশা।মার্চ মাসজুড়ে একের পর এক হরতালে দেশের সব বড় ব্যবসাপ্রতিষ্ঠানেই একই অবস্থা। সারা দেশে নিরবচ্ছিন্নভাবে পণ্য সরবরাহ করতে পারছে না প্রতিষ্ঠানগুলো। এতে কমে গেছে বিক্রি। আর লোকসানে পড়েছে প্রতিষ্ঠানগুলো।শুধু যে বড় প্রতিষ্ঠানগুলো লোকসানে পড়ছে তা নয়, হরতালে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা, যাঁরা প্রতিদিনের আয় দিয়ে সংসার চালান। হরতালের জ্বালাও-পোড়াওয়ের শিকার হয়ে ফুটপাতে নিজের সর্বোচ্চ পুঁজির দোকানটি পর্যন্ত হারাচ্ছেন কেউ কেউ।এসব প্রতিষ্ঠান ও ক্ষুদ্র ব্যবসায়ী এ মাসেও একই অবস্থার শিকার হতে যাচ্ছেন। গতকাল সোমবার থেকে তিন দিনের হরতাল শুরু হয়েছে।বড় প্রতিষ্ঠানের চিত্র: বাংলাদেশ এডিবল অয়েলের বিক্রয় ও বিপণন বিভাগের প্রধান শোয়েব মো. আসাদুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ‘গত মাসে আমাদের এক হাজার থেকে এক হাজার ২০০ টন তেল কম বিক্রি হয়েছে। এর মধ্যে অবিক্রীত সয়াবিন তেলের পরিমাণই বেশি। পণ্য বিক্রি না হওয়ায় গত মাসে ১৭ থেকে ১৮ কোটি টাকার লোকসান হয়েছে।’লোকসান বাড়লেও গত মাসে প্রতিষ্ঠানের খরচ কমেনি। কারণ, আগের চেয়ে দ্বিগুণ ভাড়ায় সারা দেশে পণ্য পরিবহন করতে হয়েছে। আবার হরতালে কর্মস্থলে আসার জন্য প্রতিষ্ঠানটি প্রত্যেক কর্মীকে প্রতিদিন ২০০ টাকা করে দেয়। এই খরচও সামগ্রিক পণ্য উৎপাদনের ব্যয়ে গিয়ে যুক্ত হচ্ছে।সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ ঘোষ অবশ্য পণ্য বিক্রির পরিমাণ বলতে চাননি। তিনি প্রথম আলোকে বলেন, ‘মার্চ মাসে পণ্য সরবরাহ লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ অর্জিত হয়েছে। আমাদের লক্ষ্যমাত্রা ছিল নয় হাজার টন বোতলজাত তেল সরবরাহের। কিন্তু আমরা দিতে পেরেছি ছয় হাজার টন। ফলে মানুষ আমাদের পণ্য কিনতে পারেনি।’বিশ্বজিৎ ঘোষের দাবি, এ মাসের প্রথম সাত দিনে এক হাজার থেকে এক হাজার ২০০ টন বোতলজাত তেল সরবরাহ করতে পারেনি সিটি গ্রুপ।ফুটপাতের ব্যবসায়ীরা: হরতালে চিড়েচ্যাপ্টা ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতার মধ্যেও পেটের দায়ে পণ্যের পসরা নিয়ে বসছেন। তবে ক্রেতা নেই। কাঠফাটা রোদে সারা দিন বসে কিংবা দাঁড়িয়ে দোকান খোলা রেখেও দিন শেষে অনেকেই শূন্য হাতে বাসায় ফিরছেন।রাজধানীর পুরান ঢাকার কয়েকটি এলাকা ঘুরে ও কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীর সঙ্গে গতকাল কথা বলে এমন চিত্রই পাওয়া গেছে। উল্টো চিত্রও ছিল। অনেক স্থানেই নিয়মিত হকারদের বসার জায়গা ছিল ফাঁকা। কারণ, ঝুঁকি নিয়ে তাঁরা দোকানই খোলেননি।দুপুরে লক্ষ্মীবাজারে গিয়ে দেখা যায়, সেন্ট গ্রেগরি ও সেন্ট ফ্রান্সিস স্কুলের সামনের ফুটপাতে সারি সারি ‘হকারদের চৌকি’ ফাঁকা পড়ে আছে। সাধারণত এ সময়ে এখানে জামা, কাপড়, প্রসাধন, জুতা, চানাচুর, ফুচকা নিয়ে বসেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এসব দোকানে ভিড়ও থাকে সারা দিন।হরতালের মধ্যেও সেখানে দু-তিনজন পণ্য নিয়ে বসেছেন। তাঁদের একজন শরীফ মিয়া বিক্রি করেন মেয়েদের থ্রি-পিস। তিনি বলেন, ‘সকাল থেকে বসে আছি। এখনো ‘“বনি” হয় নাই। উল্টো নাশতা আর দুপুরের খাবার বাবদ ৭০-৮০ টাকা খরচ হয়ে যাবে।’ বিক্রি নেই, তারপরও বসে আছেন কেন?—মধ্যবয়স্ক শরীফের উত্তর, ‘বাসায় বসে থাকলে তো লস। সংসার তো চালাইতে হবে। দেখি বিকাল পর্যন্ত। বিক্রি হইলে তো ভালো, না হইলে আর কী করা।’পাশে থাকা আরেক ব্যবসায়ী আবদুর রহিম হরতালে ক্ষোভ প্রকাশ করেন এভাবে, ‘এইগুলান লেইখ্যা কি করবেন। ওনারা (রাজনীতিবিদেরা) তো আর আমাগো কথা ভাবে না। আমাগো পেড চলে কি চলে না, তাতে তাগো কুনু টেনশন নাই।’জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দীর্ঘদিন ধরে চা বিক্রি করেন জসিম মিয়া। জানালেন, ‘হরতাল থাকলে দোকান খুলি না। বেচাবিক্রি হয় না। ছাত্ররা আসে না। দোকান খুললেই অনেক টাকার লস হয়ে যায়।’গুলিস্তানেও বেশির ভাগ ক্ষুদ্র ব্যবসায়ী গতকাল দোকান খোলেননি। বঙ্গবাজারের বিপণিবিতানগুলোর মতো ফুটপাতের ব্যবসায়ীদের জায়গাগুলোও ছিল ফাঁকা। তবে পুলিশ হেডকোয়ার্টার্স-সংলগ্ন মার্কেটটির সামনে তিনজনকে জিনসের প্যান্ট নিয়ে বসে থাকতে দেখা যায়।