বিক্রি কমেছে, বেড়ে গেছে প্রশাসনিক ব্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তালিকাভুক্তির পর আয় কমেছে প্রকৌশল খাতের কোম্পানি অ্যাপোলো ইস্পাতের৷ গতকাল রোববার কোম্পানিটি তাদের অনিরীক্ষিত যে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে আয় কমার এই তথ্য পাওয়া গেছে৷ আর্থিক এই প্রতিবেদনটি গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশ করা হয়৷
প্রকাশিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বা ইপিএস দাঁড়িয়েছে ৭৬ পয়সা৷ ২০১২ সালের একই সময়ে যার পরিমাণ ছিল এক টাকা ১৫ পয়সা৷ সেই হিসেবে ২০১৩ সালের শেষ ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩৯ পয়সা কমেছে৷
তালিকাভুক্তির আগে কোম্পানিটির আয় বেশি থাকলেও তালিকাভুক্তির পর সেটি কমে গেছে৷ এ বিষয়ে জানতে চাইলে কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালক আবদুর রহমান প্রথম আলোকে বলেন, গত বছরের শেষে দেশে রাজনৈতিক যে সহিংসতা ঘটেছে, তার কারণে কোম্পানির বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে৷ এ কারণে আয় কমে গেছে৷
উল্লেখ্য, গত বছরের ২৪ ডিসেম্বর দেশের শেয়ারবাজারে অ্যাপোলো ইস্পাতের লেনদেন শুরু হয়৷
আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, তালিকাভুক্তির পর কোম্পানির প্রশাসনিক এবং পণ্য বিক্রি ও সরবরাহ ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে৷ ২০১২ সালের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির প্রশাসনিক এবং পণ্য বিক্রি ও সরবরাহ ব্যয় ছিল প্রায় পাঁচ কোটি চার লাখ টাকা৷ এক বছরের ব্যবধানে ২০১৩ সালের একই সময়ে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় নয় কোটি টাকায়৷ অর্থাৎ এক বছরের ব্যবধানে এ বাবদ খরচ বেড়েছে প্রায় ৭৮ শতাংশ বা তিন কোটি ৯৬ লাখ টাকা৷
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ২০১২ সালের শেষ ছয় মাসে কোম্পানিটির প্রশাসনিক ব্যয় ছিল চার কোটি ২৭ লাখ ৬২ হাজার টাকা৷ ২০১৩ সালের একই সময়ে তা বেেড় দাঁড়িয়েছে সাত কোটি ৯২ লাখ ২ হাজার টাকায়৷ অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রশাসনিক ব্যয় বেড়েছে তিন কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা বা ৮৫ শতাংশ৷ আবার ২০১৩ সালের শেষ ছয় মাসে কোম্পানিটির বিক্রি আগের বছরের একই সময়ে চেয়ে প্রায় ৩৫ শতাংশ বা ৬৬ কোটি টাকা কমেছে৷ ২০১২ সালের জুলাই-ডিসেম্বর সময়ে কোম্পানিটির রাজস্ব আয়ের পরিমাণ ছিল প্রায় ২৫৬ কোটি টাকা, যা ২০১৩ সালের একই সময়ে কমে দাঁড়িয়েছে প্রায় ১৯০ কোটি টাকায়৷
প্রশাসনিক ব্যয় বৃদ্ধিকে অনেকটা অস্বাভাবিক বলে মনে করছেন আর্থিক প্রতিবেদন বিশ্লেষকেরা৷