বিক্রি বাড়াতে ফুটবলের পৃষ্ঠপোষকতায় নিশান

মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিশান তাদের বিক্রি বাড়াতে এবার ফুটবলের পৃষ্ঠপোষকতা করবে।বিশ্বব্যাপী ফুটবলের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিজেদের উচ্চাভিলাষী বিক্রয় লক্ষ্য পূরণে এ সিদ্ধান্ত নিয়েছে নিশান।
বিশ্বব্যাপী বিক্রির দিক দিয়ে দ্বিতীয় স্থানে থাকা জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কার্লোস গোসন চলতি সপ্তাহেই ফুটবলের স্পনসরশিপের জন্য একটি আকর্ষণীয় ঘোষণা দিতে যাচ্ছেন বলে জানা গেছে।গত চার মাসে এটি হবে ফুটবল স্পনসরশিপ-সংক্রান্ত নিশানের তৃতীয় ঘোষণা।
ব্রাজিলীয় বংশোদ্ভূত কার্লোস গোসন ২০০১ সালে অনেকটা ডুবতে বসা নিশানের দায়িত্ব নেন। এরপরই কোম্পানিটি আবার মুনাফা অর্জনের ধারায় ফিরে আসে এবং ইতিমধ্যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গাড়ি নির্মাতা হিসেবে আবির্ভুত হয়েছে।
গত এপ্রিলে নিশান তাদের ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে বড় চুক্তিটি করেছে উয়েফা চ্যাম্পিয়ন লিগের সঙ্গে। এর পৃষ্ঠপোষক হিসেবে নিশান উয়েফাকে দেবে ৪০ কোটি পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা চার হাজার ২০০ কোটি টাকার সমান।
এরই ধারাবাহিকতায় গত মে মাসে নিশানের অর্থায়নে পরিচালিত জাপানের প্রথম শ্রেণির ফুটবল লিগ জে-লিগের দল ইয়োকোহামা এফ ম্যারিনোসের মালিকানার ক্ষুদ্র অংশের শেয়ার কিনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি ফুটবল গ্রুপ। এ ব্যাপারে নিশানের সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে সিটি ফুটবল গ্রুপের।
প্রস্তাবিত এ স্পনসরশিপের বিস্তারিত তথ্য গত বৃহস্পতিবার প্রকাশ করা হয়।গত দুই বছর আগে গৃহীত বিপণন কৌশলের (মার্কেটিং স্ট্র্যাটেজি) অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ইউরোপে সাইক্লিং, মোটর রেসিং এবং আমেরিকার ম্যারাথন দৌড় প্রতিযোগিতাগুলোতে নিশান তাদের স্পনসরশিপের অর্থ কাট-ছাঁট করছে।
নিশানের বৈশ্বিক মার্কেটিং প্রধান রোয়েল ডি ভ্রায়েস বলেন, ‘ফুটবল আমাদের ব্র্যান্ডের জন্য খুবই মানানসই। কারণ নিশান ও ফুটবল দুটোই মূল ধারাকে প্রতিনিধিত্ব করে।’
ইংল্যান্ডের বিখ্যাত ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আগামী সাত বছরের জন্য ৫৫ কোটি ৯০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে শেভরোলেট লোগো ব্যবহারের চুক্তি করেছে জেনারেল মোটরস।সাম্প্রতিক সময়ে খেলার স্পনসরশিপের এত বড় চুক্তি হয়নি।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস