বিক্ষোভ চালিয়ে যাবেন বিনিয়োগকারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে অব্যাহত দরপতনের প্রতিবাদে আজ মঙ্গলবারও রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন বিনিয়োগকারীরা। এতে ডিএসইর সামনের সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। সাড়ে চার ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। বিনিয়োগকারীরা বিভিন্ন ব্রোকারেজ হাউসে গিয়ে লোকজনকে লেনদেনে অংশ না নেওয়ার অনুরোধ জানান। এ ছাড়া তাঁরা কয়েকটি ভবনে তালা লাগিয়ে দেন। পরে পুলিশ তা খুলে দেয়। অবশ্য আজ দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের উল্লম্ফন অবস্থা দেখা গেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে বেশ কিছু বিনিয়োগকারী ডিএসইর মূল ভবন, অ্যানেক্স ভবন ও মধুমিতা ভবনের মূল ফটকে দাঁড়িয়ে বিনিয়োগকারীদের লেনদেনে অংশ না নেওয়ার অনুরোধ করেন। একই সঙ্গে অনেকে বিভিন্ন হাউসে গিয়ে এ বিষয়ে গণসংযোগ করেন।একপর্যায়ে তাঁরা অ্যানেক্স ভবন ও মধুমতি ভবনে তালা লাগিয়ে দেন। যদিও পরে পুলিশ তালা ভেঙে ফেলে। এদিকে ডিএসইর মূল ভবনে তালা লাগাতে গেলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।বেলা ১১টার দিকে বিনিয়োগকারীরা মাথায় সাদা কাপড় বেঁধে ডিএসইর সামনের সড়কে মিছিল করতে শুরু করেন। কখনো মিছিল, কখনো সমাবেশ, কখনো খড়কুটায় আগুন আবার কখনো গণসংযোগ করতে থাকেন তাঁরা। বিক্ষোভ চলাকালে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকেল সাড়ে তিনটার দিকে বিনিয়োগকারীরা কর্মসূচি শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মতিঝিল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।সেতু নামের এক বিনিয়োগকারী একটি প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়। এতে লেখা রয়েছে, ‘আমাগো দুঃখ কারে কমু, সরকার তো আগো দিকে তাহায় না।’ তিনি বলেন, ‘চাকুরি না পেয়ে শেয়ারবাজারে বিনিয়োগ করেছি। আর এখন পুঁজি হারিয়ে নিঃস্ব হয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমার মতো অনেকেরই এখন এই অবস্থা।’সালেহা নামের আরেক বিনিয়োগকারী বলেন, ‘গত ডিসেম্বর মাস থেকে আমরা আন্দোলন করে আসছি। শেয়ারবাজারের দিকে সরকারের কোনো নজর দেখছি না।’ বাজারে স্থিতিশীলতা আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান-উর-রশীদ চৌধুরী বলেন, ‘অব্যাহত দরপতনের কারণে আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি। তাই লেনদেনে অংশ না নেওয়ার জন্য বিনিয়োগকারীদের আহ্বান জানাচ্ছি। কালও আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’এ দিকে বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ লেনদেনের ১০ মিনিটের মাথায় সূচক ৪০ পয়েন্টের বেশি বেড়ে যায়। তবে ৪০ মিনিটে সূচক ২৫ পয়েন্ট কমে যায়। এরপর সূচক নাটকীয়ভাবে আবার ঊর্ধ্বমুখী হয়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৩৪.৩৩ পয়েন্ট বেড়ে ৬০৫৫.১৭ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ লেনদেন হওয়া ২৫৯টি প্রতিষ্ঠানের মধ্যে ২৫২টিরই দাম বেড়েছে। কমেছে ছয়টির আর অপরিবর্তিত রয়েছে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ ৩৫৯ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৪৫ কোটি টাকা বেশি।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৩৯১.৬৯ পয়েন্ট বেড়ে ১৭১২৮.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ সিএসইতে লেনদেন হওয়া ১৭৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৬টিরই দাম বেড়েছে। কমেছে ১১টির ও অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের দাম। আজ ৪৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।