বিচিত্র উপায়ে সরকারি অর্থ লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জরুরি বন্যা পুনর্বাসন-২০০৪’ শীর্ষক প্রকল্পটি শেষ হয় ২০০৭ সালের ৩০ জুনে। প্রকল্প বাস্তবায়ন শেষে প্রাপ্ত বিদেশি সহায়তার দুই কোটি ৩২ লাখ ৩২ হাজার টাকা উদ্বৃত্ত থাকে। প্রকল্পের পরিচালক সেই অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে প্রকল্পের জনতা ব্যাংকের সোনারগাঁও শাখার হিসাব থেকে আগারগাঁও শাখায় সরিয়ে ফেলেন। ২০০৮ সালের ৩ জানুয়ারি এই অর্থ জনতা ব্যাংকের আগারগাঁও শাখায় জমা হয়। নিরীক্ষায় বিষয়টি ধরা পড়লে প্রায় দেড় বছর পর দুই কোটি টাকা ফেরত দেওয়া হয়। এখনো ৩২ লাখ টাকা জমা পড়েনি সরকারি কোষাগারে। আবার ২০০৭ সালের ১ জুলাই একই প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান মেসার্স হিফাব ইন্টারন্যাশনাল এবিকে তিনটি গাড়ি কেনা বাবদ ৬৯ লাখ ৯৭ হাজার ৫০০ টাকা দেওয়া হয়। কিন্তু এই প্রকল্প প্রস্তাবনায় কোনো গাড়ি কেনার কথা ছিল না। বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প নিরীক্ষা বা অডিট অধিদপ্তরের ২০১০-১১ সালের বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। এভাবেই সরকারি অর্থের অপব্যবহার ও লুটপাট হচ্ছে একের পর এক। সরকারি নিরীক্ষায় এ রকম অনেক অনিয়ম চিহ্নিতও হচ্ছে। তবে চিহ্নিত হওয়ার পরও সব সময় অর্থ আর ফেরত পাওয়া যায় না।এদিকে গত ২৩ ডিসেম্বর মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক তাঁর সর্বশেষ প্রতিবেদনটি রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে জমা দিয়েছেন। সংবিধানের ১৩২ অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করেন মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। এরপর রাষ্ট্রপতি সংসদের কাছে পাঠাবেন। নিয়ম অনুসারে সংসদে উত্থাপনের পর নিরীক্ষা প্রতিবেদনগুলো পর্যালোচনা ও আলোচনা করে সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি। এরপর এই কমিটি আবার একটি প্রতিবেদন সংসদে পেশ করে।জানা গেছে, বর্তমান সরকারের আমলে সংসদীয় কমিটি দুটি প্রতিবেদন সংসদে পেশ করেছে। তৃতীয় প্রতিবেদনটির খসড়া প্রস্তুত করা হয়েছে। সংসদের আগামী অধিবেশনের জন্য প্রস্তুতকৃত খসড়া প্রতিবেদনে বিপুল আর্থিক অনিয়মের জন্য টাকা আদায়, সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ, মামলাসহ বিভিন্ন ধরনের পদক্ষেপের কথা উল্লেখ করা হয়েছে। এসব প্রতিবেদন থেকেই অনিয়মের বিভিন্ন চিত্র পাওয়া গেছে।রপ্তানি না করেই সহায়তা: পণ্য রপ্তানি না করে ৩৫ কোটি ২৯ লাখ ২২ হাজার ৬৮৯ টাকা নগদ রপ্তানি সহায়তা হিসেবে উঠিয়ে নিয়ে গেছে পাঁচটি প্রতিষ্ঠান। সুপারি ও মেহগনি ফলের ভেতরের অংশ রপ্তানির বিপরীতে এক্সপিডো করপোরেশন, ওয়াসিস করপোরেশন, ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল, জনি ইন্টারন্যাশনাল ও ডাচ ইন্টারন্যাশনাল নামের প্রতিষ্ঠানকে নগদ সহায়তা হিসাবে এই বিপুল অঙ্কের অর্থ প্রদান করে এবি ব্যাংকের নওয়াবপুর শাখা। ২০০৫-০৬ ও ২০০৬-০৭ অর্থবছরজুড়ে বিভিন্ন ভুয়া রপ্তানি বিলের বিপরীতে এই ঘটনা ঘটে। এবি ব্যাংকের নওয়াবপুর শাখার রপ্তানি ভর্তুকি/নগদ সহায়তা প্রদানসংক্রান্ত হিসাব বিশেষ নিরীক্ষাকালে এই নিয়ম ধরা পড়ে।নিরীক্ষায় দেখা যায়, রপ্তানিকারকেরা স্থানীয় বাজার থেকে কোনো সুপারি ও মেহগনি ফল কেনেননি। পণ্য কেনার কোনো পর্যাপ্ত দলিলাদি নেই। আর স্থানীয় বাজার থেকে পণ্য না কিনলে নগদ সহায়তা পাওয়ার সুযোগ নেই। আর রপ্তানিকারক প্রতিষ্ঠানের কাছে পণ্য বিক্রয়কারী বা সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি, তাদের কোনো আয়কর নথিও নেই। আবার রপ্তানিকৃত পণ্য পরিবহনে একই ভাউচার একাধিকবার দেওয়া হয়েছে। বড় বাস হয়েছে ছোট বাস: পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে যথাযথভাবে পারাপারের ভাড়া আদায় না করায় ২০০৫-০৬ অর্থবছরে পাঁচ কোটি ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে নিরীক্ষা প্রতিবেদনে ধরা পড়েছে। সে বছর বড় বাসকে ছোট বাস দেখিয়ে সেই হারে ভাড়া আদায় করা হয়েছে। সাধারণত যানবাহন পরিবহনের জন্য বিভিন্ন হারে টোল বা ভাড়া নেওয়া হয়। ভাড়া আদায়ের দায়িত্ব থাকে অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার ওপর। নৌ-মন্ত্রণালয়ের আর্থিক হিসাব নিরীক্ষাকালে এই অনিয়ম ধরা পড়ে। নিয়মবহির্ভূত: বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল সংস্থার আওতায় প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ২০০৫-০৬ অর্থবছরের আর্থিক হিসাবের ওপর নিরীক্ষা চালানো হয়। নিরীক্ষায় দেখা যায়, সারা দেশে নিজস্ব বিক্রয় কার্যালয় থাকা সত্ত্বেও ২০০৫-০৬ অর্থবছরে নিয়মবহির্ভূতভাবে বেসরকারি বিক্রয় প্রতিনিধি নিয়োগ করে প্রগতি ইন্ডাস্ট্রিজ। বেসরকারি বিক্রয় প্রতিনিধিদের মাধ্যমে বাস, ট্রাক, জিপ বিক্রি করায় তাদের কমিশন দিতে হয়েছে দুই কোটি ৩৩ লাখ টাকা যা রাষ্ট্রের ক্ষতি। ১১,৭৩৮ কোটি টাকার অনিয়ম: বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি নবম জাতীয় সংসদের সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের পর ২০১২ সালের ১৪ আগস্ট পর্যন্ত মোট ৪৯০টি নিরীক্ষা প্রতিবেদন নিয়ে আলোচনা করেন সরকারি হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা। এসব প্রতিবেদনে মোট পাঁচ হাজার ৬০৭টি নিরীক্ষা আপত্তি দেওয়া হয়। এর বিপরীতে ১১ হাজার ৭৩৮ কোটি টাকার অনিয়ম রয়েছে। এই সরকারের আমলেই নিরীক্ষার মাধ্যমে এই বিপুল পরিমাণ অর্থের দুর্নীতি ও অনিয়মের চিত্র উদ্ঘাটিত হয়েছে। আবার জাতীয় সংসদের আগামী অধিবেশনে ওঠার অপেক্ষা আছে তৃতীয় প্রতিবেদন, যাতে রয়েছে ছয় হাজার ৭৮০ কোটি টাকার অনিয়মের চিত্র। এসব অনিয়মের জন্য এক হাজার ৫৬৮টি নিরীক্ষা আপত্তি দেওয়া হয়েছে। অন্যদিকে রাষ্ট্রপতির কাছে পেশ করার জন্য তৈরি করা সিএজির সর্বশেষ প্রতিবেদনে রয়েছে চার হাজার ৮১১ কোটি টাকার অনিয়মের চিত্র। এসব অনিয়মের জন্য ৪১টি প্রতিবেদনে ৬০৫টি নিরীক্ষা আপত্তি দেওয়া হয়েছে।