বিচ্ছেদের প্রভাব দাতব্য প্রতিষ্ঠানে
বিশ্বের শীর্ষস্থানীয় ধনী দম্পতি বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেওয়ার তিন সপ্তাহ পর এসে জানা গেল, তাঁদের দুজনের নামে প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠানটিতে পরিবর্তন আসছে। প্রথম বড় পরিবর্তন দেখা যাবে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে।
বিল গেটস ও মেলিন্ডা যেদিন বিচ্ছেদের ঘোষণা দেন, সেদিনই তাঁদের দাতব্য প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিশ্বের শীর্ষস্থানীয় ধনী এই দম্পতির আলাদা হয়ে যাওয়ার ঘোষণায় দাতব্যজগৎ বড় ধাক্কা খেয়েছিল। তাঁদের একসঙ্গে কাজ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। কারণ, তাঁরা দুজনই পৃথিবীর বৃহত্তম ও সবচেয়ে প্রভাবশালী দাতব্য প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান ও ট্রাস্টি।
তিন সপ্তাহ পর এসে এখন জানা গেল, ২০০০ সালে নিজেদের নামে এই দম্পতির প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে পরিবর্তন আসছে। এখন পর্যন্ত যা খবর তা হলো, প্রথম বড় পরিবর্তন দেখা যাবে দাতব্য প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদে।
সাত বছর প্রেম করার পর ১৯৯৪ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। এর প্রায় ২৭ বছরের মাথায় এসে ৪ মে তাঁরা এক যৌথ বিবৃতিতে বৈবাহিক সম্পর্কের সমাপ্তি টানার ঘোষণা দেন। বিচ্ছেদ চূড়ান্ত করতে তাঁরা যুক্তরাষ্ট্রের একটি আদালতে আবেদন করেন। যৌথ বিবৃতিতে তাঁরা জানান, দাম্পত্য জীবনে আলাদা হয়ে গেলেও এর কোনো প্রভাব পড়বে না বা কোনো পরিবর্তন হবে না দাতব্য প্রতিষ্ঠানে। অর্থাৎ বিচ্ছেদ হলেও ফাউন্ডেশনের জন্য তাঁরা একসঙ্গে কাজ করবেন। পাশাপাশি ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতেও বলা হয়, তাঁরা দুজনেই প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান ও ট্রাস্টি হিসেবে থাকবেন।
বর্তমানে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মোট সম্পদের মূল্য ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশের প্রায় ৪ লাখ ২৫ হাজার কোটি টাকার সমান (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।
গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক সুজম্যান ইতিমধ্যে কর্মীদের জানিয়েছেন যে দীর্ঘ মেয়াদে এই প্রতিষ্ঠানের টেকসই স্থায়িত্ব ও স্থিতিশীলতা নিশ্চিতে তিনি আলোচনা শুরু করেছেন। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিল গেটস, মেলিন্ডা ও ওয়ারেন বাফেটের সঙ্গে তাঁদের পদক্ষেপ নিয়ে আমি সক্রিয়ভাবে আলোচনা করছি।’ তবে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি জানিয়ে মার্ক সুজম্যান বলেন, বিল গেটস ও মেলিন্ডা দুজনেই এই ফাউন্ডেশনে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছেন।
বর্তমানে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য মাত্র তিনজন। তাঁরা দুজন ছাড়া তৃতীয়জন হলেন বিশ্বের আরেক শীর্ষস্থানীয় ধনী, বার্কশায়ার হ্যাথওয়ের চেয়ারম্যান ও সিইও ওয়ারেন বাফেট। তিনি গত ১৫ বছরে এই ফাউন্ডেশনে ২ হাজার ৯০০ কোটি ডলার দান করেছেন। সে জন্য ফাউন্ডেশনটির পরিচালনা পর্ষদে বাইরের পরিচালক আনার কথা ভাবা হচ্ছে। কারা আসছেন, সেটি অবশ্য চূড়ান্ত হয়নি। তবে কাঠামোগত পরিবর্তন বা বাইরে থেকে নতুন পরিচালক আনা হলে প্রতিষ্ঠানটির কার্যক্রমে এর বড় ধরনের প্রভাব পড়বে বলে ধারণা করা হচ্ছে।
দাতব্যবিষয়ক ইতিহাসবিদ ও মিয়ামি ইনস্টিটিউট ফর দ্য সোশ্যাল সায়েন্সেসের নির্বাহী পরিচালক ম্যারিবেল মুরে বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ার গণতন্ত্রায়ণ প্রয়োজন।
মাত্র তিনজনের পরিচালনা পর্ষদকে অস্বাভাবিকভাবে ছোট বলা যায়। যেমন ফোর্ড ফাউন্ডেশন আকারে বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের পাঁচ ভাগের এক ভাগ হবে। অথচ সেটিতে পরিচালক রয়েছেন ১৫ জন। আবার রকফেলার ফাউন্ডেশনের আকার বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের তুলনায় ১০ ভাগের ১ ভাগ হলেও সেটিতে অন্তত ১২ জন পরিচালক আছেন।
সে জন্য ম্যারিবেল মুরে বলেন, পরিচালনা পর্ষদ বড় করলে ভালো হবে। এতে প্রতিষ্ঠানে বৈচিত্র্য আসবে। এই মুহূর্তে বিষয়টি দ্বিপক্ষীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে তাঁরা যেহেতু আলাদা হয়ে গেছেন, সেহেতু পরিচালনা পর্ষদে অন্য লোকদের আনা উচিত। ব্লুমবার্গের তৈরি করা বিশ্বের শীর্ষ ধনী তালিকায় ১৪ হাজার ৩৮০ কোটি ডলারের নিট সম্পদ নিয়ে চলতি বছরে চতুর্থ স্থান পেয়েছেন বিল গেটস। আবার ফোর্বস ম্যাগাজিনের এ বছরের বিলিয়নিয়ার তালিকায়ও বিল গেটস রয়েছেন চতুর্থ অবস্থানে। তবে এ ক্ষেত্রে তাঁর সম্পদের নিট মূল্য বলা হয়েছে ১২ হাজার ৬৮০ কোটি ডলার।
যৌথ বিবৃতিতে বিচ্ছেদ ঘোষণা দিলেও তাঁরা ফাউন্ডেশনে একসঙ্গে কাজ করার কথা বলেছেন। বিচ্ছেদ চুক্তি সম্পর্কে বিল ও মেলিন্ডা জানান, কীভাবে তাঁদের সম্পদ ভাগ করবেন, সে বিষয়ে তাঁরা একটি চুক্তিতে উপনীত হয়েছেন। বিচ্ছেদের আবেদনে তাঁরা আদালতকে জানান, তাঁদের যৌথ সম্পত্তি, ব্যবসায়িক স্বার্থ ও দায়দায়িত্ব ভাগ করতে চান।
দাতব্য প্রতিষ্ঠানটি বেসরকারি পর্যায়ে বিশ্বে সবচেয়ে বেশি অর্থ দান করে থাকে। বিল গেটস ও মেলিন্ডার হঠাৎ বিচ্ছেদের খবরটি ফিলেনথ্রপিক বা দাতব্য দুনিয়াকে বিশাল ধাক্কা দিয়েছে। কারণ, প্রতিষ্ঠানটি নিয়ে তাঁরা দুজন অনেক দূর এগিয়েছিলেন।
বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন বিগত দুই দশকে বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও রোগবালাই মোকাবিলায় পাঁচ হাজার কোটি ডলার দান করেছে। বর্তমানে এই ফাউন্ডেশনের সম্পদের পরিমাণ ৫ হাজার ১০০ কোটি ডলার। ২০১৯ সালে বিল-মেলিন্ডা ফাউন্ডেশনের নিট সম্পদের পরিমাণ ছিল ৪ হাজার ৩৩০ কোটি ডলার। ওই বছর তারা জাতিসংঘের বিভিন্ন কর্মসূচিতে ৫০০ কোটি ডলার দান করে। জনস্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনের ইস্যুতে কাজ করে থাকে এই ফাউন্ডেশন।
বিল ও মেলিন্ডা ১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ৩ হাজার ৬০০ কোটি ডলার দান করেছেন। এই ফাউন্ডেশনে বিশ্বের আরেক ধনী ওয়ারেন বাফেট এখন পর্যন্ত ২ হাজার ৯০০ কোটি ডলার দিয়েছেন।
ম্যালেরিয়া ও পোলিও নির্মূলে এবং শিশু পুষ্টি ও টিকা নিশ্চিতে সংস্থাটি প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। কোভিড-১৯ মহামারির পরিস্থিতিতে সংস্থাটি গত বছর ত্রাণসহায়তা বাবদ ১৭৫ কোটি ডলার দিয়েছে।
সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল, সিএনবিসি, বিজনেস স্ট্যান্ডার্ড ও নিউইয়র্ক টাইমস।