বিজিএমইএ ভবনের জন্য জমি দেওয়া হবে: তোফায়েল
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতিকে (বিজিএমইএ) নতুন ভবন করার জন্য ঢাকার উত্তরায় জমি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মেদ আল বিয়াইমির সঙ্গে সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা এখন চিন্তা করছি। এরই মধ্যে তারা (বিজিএমইএ) আবেদন করেছে। উত্তরার কোনো একটা জায়গায় আমরা তাদের জমি দেব। তারা দু-তিন বছরের মধ্যে তাদের ভবন তৈরি করবে।’
ঢাকার হাতিরঝিল প্রকল্পে সোনারগাঁও হোটেলের পাশে ১৬ তলা বিজিএমইএ ভবন। আদালতের চূড়ান্ত রায় ও পুনর্বিবেচনা (রিভিউ) শেষে এ ভবন ভাঙতেই হবে।
তোফায়েল আহমেদ বলেন, সর্বোচ্চ আদালতের রায় সবাইকে মানতে হবে এবং ভবন ভাঙার সিদ্ধান্তের সঙ্গে শ্রমিকদের কোনো সম্পর্ক নেই, শ্রমিক অসন্তোষেরও কোনো প্রশ্ন নেই।
এদিকে কাতারকে বাংলাদেশে বিনিয়োগ করার অনুরোধ করেছেন বলে সাংবাদিকদের জানান তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বলেছি তাদের দেশের বড় বড় বিনিয়োগকারীরা যেন বাংলাদেশের যেকোনো একটা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করে। কাতারের রাষ্ট্রদূত বলেছেন, তাঁদের দেশের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।’
কাতারের সঙ্গে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসসহ (এলএনজি) কয়েকটি বিষয়ে সমঝোতা চুক্তির (এমওইউ) প্রক্রিয়া চলছে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, গ্যাস-সংকট মেটাতে সরকারি ও বেসরকারি উদ্যোগে আলাদা এলএনজি টার্মিনাল হচ্ছে। সব টার্মিনালের গ্যাসের উৎস হচ্ছে কাতার।