বিজিএমইএ ভবনের সামনে রাত কাটালেন শ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতন-ভাতার দাবিতে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন গাজীপুরের কাশিমপুরের অ্যাডরোন নিটওয়্যারের শতাধিক শ্রমিক। ছবি: প্রথম আলো
বকেয়া বেতন-ভাতার দাবিতে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান নিয়েছেন গাজীপুরের কাশিমপুরের অ্যাডরোন নিটওয়্যারের শতাধিক শ্রমিক। ছবি: প্রথম আলো

বিজিএমইএ ভবনের সামনে গাছের নিচে ভ্যানের ওপর শুয়ে-বসে আছেন গাজীপুরের কাশিমপুরের অ্যাডরোন নিটওয়্যারের শতাধিক শ্রমিক। বেতন-ভাতার দাবিতে গতকাল সোমবার বিকেলে বিজিএমইএর সামনে অবস্থান নেন তাঁরা। সারা রাত খোলা আকাশের নিচেই কাটিয়েছেন এই শ্রমিকেরা।

রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে আজ মঙ্গলবার দুপুরে এমন চিত্রই দেখা গেল। অ্যাডরোন নিটওয়্যারের শ্রমিকেরা জানালেন, তাঁরা দুই মাস ধরে বেতন পাচ্ছেন না। কর্মকর্তারা বেতন পাননি চার মাস। কারখানার মালিকের খোঁজ নেই। ফলে ঈদ বোনাস পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা।

কারখানার শ্রমিক আবদুল আজিম বললেন, ‘দুই মাস আট দিনের বেতন বাকি। ঈদের বোনাস পাই নাই। মালিকের ফোন বন্ধ। তাই আমরা বাধ্য হয়ে বিজিএমইএ ভবনের সামনে আসছি। গতকাল রাত আটটায় বিজিএমইএর কর্মকর্তা মনসুর খালেদ আশ্বাস দিয়েছেন, আজ চারটার মধ্যে মালিকের সঙ্গে বৈঠক করে আমাদের সমস্যার সমাধান করবেন।’ তিনি বলেন, ‘সারা রাত আমরা এখানেই ছিলাম। ভ্যানের ওপর ঘুমিয়েছি। রাতে বিস্কুট, কলা-রুটি আর সকালে শিঙাড়া খেয়ে পেট ভরিয়েছি।’

কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা রোকনুজ্জামান বললেন, ‘চলতি মাসে তিনবার বেতন দেওয়ার তারিখ দিয়ে মালিকপক্ষ দেননি। আমরা কর্মকর্তারা চার মাস ধরে বেতন পাই না। বাধ্য হয়েই আমরা রাস্তায় নেমেছি।’ তিনি জানান, তাঁরা ২২ আগস্ট বিজিএমইএর সামনে এসেছিলেন। সেদিন আপস হলেও কোনো শ্রমিক-কর্মকর্তা বেতন পাননি।

শ্রমিকেরা জানালেন, অ্যাডরোন বিজিএমইএর সদস্যভুক্ত কারখানা। এখানে কাজ করেন ১৩৫ জন শ্রমিক-কর্মকর্তা। মূলত ঠিকা কাজ বা সাবকন্ট্রাকটিং পোশাক তৈরির কাজ করেন তাঁরা। কারখানার মালিকের নাম রেজাউল চৌধুরী।

একটি ভ্যানের ওপর বসেছিলেন অ্যাডরোনের শ্রমিক হেলেনা আক্তার। বললেন, ‘তিন মাসের ঘরভাড়া বাকি। বাড়িওয়ালা ঘাড় ধরে বের করে দিতে চান। দোকানে বাকি তিন হাজার টাকা। খুব কষ্টে আছি। ঈদ আসতেছে। টাকা না পাইলে বাড়ি যাইতে পারুম না।’ তিনি জানালেন, বেতন-ভাতা বাবদ তিনি ২১ হাজার টাকা পাবেন। রাতে ছিলেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সবার সঙ্গে আমিও ছিলাম। ভ্যানের ওপর ঘুমাইছি। রাতে ২০ টাকা দিয়া ভাত খাইছিলাম। সকালে দুইটা শিঙাড়া খাইছি।’

জানতে চাইলে দুপুর সোয়া দুইটার দিকে বিজিএমইএর সহসভাপতি এস এম মান্নান প্রথম আলোকে বলেন, ‘অ্যাডরোনের মালিককে আমরা বিজিএমইএতে আসার জন্য তলব করেছি। বিকেলের মধ্যে বৈঠক করে বিষয়টি সমাধান করা হবে।’ তিনি বলেন, ঈদের আগে শ্রমিকের বেতন-ভাতা নিয়ে যাতে কোনো সমস্যা না হয় সে জন্য তাঁরা কাজ করছেন।

জানতে চাইলে বিজিএমইএর জ্যেষ্ঠ অতিরিক্ত সচিব মনসুর খালেদ বলেন, ‘গতকাল রাতেই আমরা শ্রমিকদের বলেছি, আজ বিকেলে মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে আমরা সমস্যার সমাধান করব। আমরা শ্রমিকদের চলে যেতে বলি। অনেক শ্রমিক চলে যান। তবে গাজীপুর গিয়ে আবার সকালে আসতে হবে সে জন্য ২০-২৫ জন রাতে বিজিএমইএর সামনেই থেকে যান।’

বিকেল সোয়া পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত অ্যাডরোনের শ্রমিকদের বেতন-ভাতা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বিজিএমইএ ভবনে বৈঠক শুরু হয়নি।