বিজিএমইএ সিদ্ধান্ত নিতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাক কারখানার শ্রমিকদের নিম্নতম মজুরি বর্তমানের চেয়ে কত বাড়ানো হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিজিএমইএ। এ কারণে মজুরি বোর্ডের আজকের সভায় কোনো প্রস্তাব না দিয়ে আরও সময় চাইতে পারে পোশাক কারখানা মালিকদের এই সমিতি।
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে গেজেট প্রকাশিত হয় গত জুনে। গত ১৮ আগস্ট অনুষ্ঠিত বোর্ডের তৃতীয় সভায় শ্রমিক প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরি আট হাজার ১১৪ টাকা দাবি করা হয়েছে। আজ সোমবার চতুর্থ সভায় মালিকপক্ষের প্রস্তাব দেওয়ার কথা।
জানা যায়, শ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে বিজিএমইএর নেতারা একাধিক বৈঠক করেন। গত সপ্তাহে অনুষ্ঠিত এক বৈঠকে বর্তমানের চেয়ে সর্বোচ্চ ৫০ শতাংশ মজুরি বাড়ানোর পক্ষে মত দেন কয়েকজন মালিক। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় গত শনিবার আবারও বৈঠক করেন সমিতির নেতারা। তাতেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেননি তাঁরা।
এ বিষয়ে মজুরি বোর্ডের মালিকপক্ষের সদস্য ও বিজিএমইএর পরিচালক আরশাদ জামাল গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘মনে হচ্ছে, কাল (আজ) আমরা প্রস্তাব দিতে পারব না। কারণ, আমরা কোনো ঐকমত্যে পৌঁছাতে পারিনি। আমাদের আরও মতবিনিময় ও জরিপ করতে হবে।’ সমিতির পক্ষ থেকে চূড়ান্ত প্রস্তাব দিতে দুই সপ্তাহ সময় চাওয়া হতে পারে বলে জানান তিনি।
বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এক সপ্তাহের মধ্যে ইজিএম অনুষ্ঠিত হবে।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক বোর্ডের এক সদস্য জানান, বোর্ড থেকে তাঁদের জানানো হয়েছে, আজ বিজিএমইএ চূড়ান্ত প্রস্তাব দেবে। এ জন্য সদস্যদের যথাযথ প্রস্তুতি নিয়ে আসতে বলা হয়েছে। তবে বিজিএমইএর সিদ্ধান্তহীনতার বিষয়টি শুনে বোর্ডের ওই সদস্য ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘গত জুনে মজুরি বোর্ড হয়েছে। এত দিন তাঁরা কী করলেন?’