বিজিএমইএ সিদ্ধান্ত নেয় বাস্তবায়ন করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো একটি ঘটনা ঘটলেই গণমাধ্যমে প্রচার, জনমনে অসন্তোষ ও শ্রমিক বিক্ষোভের চাপের মুখে তৈরি পোশাকমালিকদের সংগঠন বিজিএমইএ ‘তড়িঘড়ি’ করে কিছু সিদ্ধান্ত নেয়। তারপর তা ঢাকঢোল পিটিয়ে প্রচার করে জনরোষ থেকে নিজেদের রক্ষা এবং ‘বাহবা’ কুড়ানোর চেষ্টা করে।তবে ‘তড়িঘড়ি’ সিদ্ধান্তগুলো আদৌ বাস্তবায়ন করা সম্ভব কি না, বেশির ভাগ সময়ই তার কোনো খোঁজখবর নেওয়া হয় না। ফলে কিছুদিন পর পরিস্থিতি শান্ত হলে বিজিএমইএর তৎপরতাও হারিয়ে যায়।গত নভেম্বরে তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের পর বিজিএমইএর উদ্যোগে টাস্কফোর্স গঠিত হলেও তা বন্ধ হয়ে গেছে। রানা প্লাজা ধসের পর যথারীতি কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন পোশাক কারখানা ভবনের কাঠামোগত নকশা ও মাটি পরীক্ষার প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। নকশা ও মাটি পরীক্ষা জমা নেওয়া ৩০ মে শেষ হয়েছে। ইতিমধ্যে দুই মাস পেরিয়ে গেছে। কিন্তু এখনো আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে পারেনি বিজিএমইএ। কীভাবে এগুলো কাজে লাগানো হবে বা কাদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হবে, সেই বিষয়ে কোনো সিদ্ধান্তই চূড়ান্ত করতে পারেনি সমিতি।গত ৪ জুলাই বিজিএমইএ নিজেদের কার্যালয়ের সভাকক্ষে কলকারখানা পরিদর্শন বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, রাজউক, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বা আইএবি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ও বুয়েটের প্রতিনিধি নিয়ে একটি বৈঠক করে। ওই দিনই গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি বলেছে, জমা পড়া দুই হাজার ২৮টি কারখানা ভবনের নকশা পরীক্ষা করবে আইইবি।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইইবির প্রকৌশলীরা নিজ উদ্যোগে এই সেবা দেবেন। পরীক্ষা-নিরীক্ষায় যেসব কারখানার নকশায় ত্রুটি পাওয়া যাবে, তা বিজিএমইএকে জানাবে আইইবি। সে অনুযায়ী সমিতি কারখানাগুলোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। কিন্তু আইইবির সভাপতি এম শামীম জেড বসুনিয়া গত রোববার প্রথম আলোকে বলেন, ‘বিজিএমইএর সঙ্গে বৈঠক হয়েছে, তবে নকশা পরীক্ষা করার ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। প্রাথমিকভাবে ২০টি নকশা আমাদের দেওয়া হয়েছে। আমরা সেগুলো দেখছি।’শামীম জেড বসুনিয়া আরও বলেন, নকশা পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব রাজউকের। কিন্তু বিজিএমইএ এটা কেন নিল, সেটি পরিষ্কার নয়। তিনি বলেন, আইএবির প্রকৌশলীরা সবাই চাকরিজীবী। চাকরি করার পর এত নকশা পরীক্ষা করা সহজ কথা নয়। তা ছাড়া এতে অনেক খরচের ব্যাপারও আছে।বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম দাবি করেন, ‘একটা ভালো কাজ হয়েছে। আমরা যেটুকু পারি পরীক্ষা-নিরীক্ষা করব। বাকিটা জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার অধীনে বাস্তবায়ন করা হবে।সিদ্ধান্ত মানেননি অনেক সদস্য: সাভারে রানা প্লাজা ধসের দুই দিন পর বিজিএমইএ ও বিকেএমইএ সব সদস্যকে পোশাক কারখানা ভবনের কাঠামোগত নকশা ও মাটি পরীক্ষার প্রতিবেদন স্বীকৃত ইঞ্জিনিয়ারিং ফার্ম দ্বারা প্রস্তুত করে জমা দেওয়া নির্দেশ দেয়। ওই সময় সমিতি বলেছিল, নকশা জমা হলে উভয় সমিতি সেগুলো পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করবে। কোনো কারখানায় গরমিল পাওয়া গেলে তার লাইসেন্স স্থগিত করা হবে।তবে অনেক সদস্যই বিজিএমইএর নির্দেশ মানেননি। এ পর্যন্ত দুই হাজার ২৮ জন সদস্য নকশা জমা দিয়েছেন। এর মধ্যে অনেকেই আবার মাটি পরীক্ষা প্রতিবেদন জমা দেননি—এমনটি জানিয়েছেন সমিতির এক নেতা।সমিতির সর্বশেষ ডিরেক্টরি অনুযায়ী তাদের নিবন্ধিত সদস্যসংখ্যা পাঁচ হাজার ৪০০। তবে সমিতির নেতাদের দাবি অনুযায়ী বর্তমানে প্রায় তিন হাজার ২০০ সদস্য সমিতির সেবা নেন। অর্থাৎ তাঁরা নিয়মিত সদস্য। তার মানে এখন পর্যন্ত এক হাজার ১৭২ সদস্য নকশা জমা দেননি। এ বিষয়ে জানতে চাইলে সমিতির সহসভাপতি শহিদুল্লাহ আজিম বলেন, ‘যাঁরা নকশা জমা দেননি তাঁদের সেবা (ইউডি) বন্ধ করে দেওয়া হয়েছে। তাই নকশা জমা দিতেই হবে। অন্যথায় সেবা পাবেন না।’ মাটি পরীক্ষার প্রতিবেদন বিষয়ে তিনি বলেন, ‘অনেক কারখানা ভবন অনেক পুরোনো। তাই নতুন করে মাটি পরীক্ষা করে জমা দিতে সময় লাগছে।’টাস্কফোর্স কাহিনি: তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রতিনিধির সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করে বিজিএমইএ।গণমাধ্যমের কাছে সমিতির নেতারা বলেন, পর্যায়ক্রমে সব কারখানায় যাবেন টাস্কফোর্সের সদস্যরা। অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করে সুপারিশ করবেন। পোশাকমালিকদের সেই সব সুপারিশ বাস্তবায়নে নিদিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। এতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ টাস্কফোর্সের আহ্বায়ক হয়েছিলেন তৎকালীন সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন সাংবাদিকদের বলেছিলেন, পরীক্ষামূলক কার্যক্রম হিসেবে ১০টি কারখানা পরিদর্শন করবেন টাস্কফোর্সের সদস্যরা। তারপর একটা মানদণ্ড নির্ধারণ করা হবে। কর্মযজ্ঞ দেখাতে গত ২৩ ডিসেম্বর গণমাধ্যমকর্মীদের সঙ্গে নিয়ে সম্পূর্ণ কমপ্লায়েন্ট বা শ্রমিকদের কর্মপরিবেশসম্পন্ন চারটি কারখানা পরিদর্শন করেন প্রাথমিকভাবে গঠিত টাস্কফোর্সের সদস্যরা। বেশ কিছু সমস্যা চিহ্নিত করে তাৎক্ষণিক কিছু সুপারিশ করেন তাঁরা। তারপর সাত মাস পার হয়ে গেছে। সভাপতি আতিকুল ইসলাম বলেন, ‘টাস্কফোর্সের কার্যক্রম চলছে। আমরা চারটি কারখানা পরিদর্শনের প্রতিবেদন দিয়েই মানদণ্ড নির্ধারণ করেছি। ইতিমধ্যে এটি আইএলওর ঢাকা কার্যালয়ে পাঠানো হয়েছে।’ এটিও জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার অধীনে বাস্তবায়িত হবে বলে জানান তিনি।