বিজিএমইএর উত্তরা কার্যালয় বন্ধ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর রাজধানীর উত্তরা কার্যালয় বন্ধ হচ্ছে। সদস্যদের কাছ থেকে সাড়া না পাওয়ায় আগামী ১৮ ফেব্রুয়ারির পর কার্যালয়টি থেকে সব ধরনের সেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটির পরিচালনা পর্ষদ।
বিজিএমইএ সূত্র জানায়, উত্তরা ও আশপাশের এলাকার তৈরি পোশাক কারখানাগুলোকে সেবা দিতে ২০১৩ সালের ৩ মার্চ উত্তরা কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। এখান থেকে সদস্যদের ইউপি, ইউডি, সিও, জিএসপি, প্রত্যয়নপত্র, ইন্টারবন্ডসহ অন্যান্য সুবিধা দেওয়া হতো। অবশ্য সময় ও দূরত্বের কথা বিবেচনা করে কার্যালয়টি স্থাপন করা হলেও সদস্যরা খুব বেশি আগ্রহ দেখাচ্ছিলেন না। স্থানীয় মালিকদের অধিকাংশই কারওয়ান বাজারের প্রধান কার্যালয় থেকে আমদানি-রপ্তানিসংক্রান্ত সেবাগুলো নিয়ে থাকেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সহসভাপতি মোহাম্মদ নাছির বলেন, কার্যালয়টি বন্ধ হচ্ছে। তবে একই ভবনে থাকা পোশাকশ্রমিকদের জন্য সংগঠনের স্বাস্থ্যকেন্দ্রটি চালু থাকবে।