বিজিএমইএর দাবি, সব কারখানায় বেতন পরিশোধ
সব পোশাক কারখানার শ্রমিকদের উৎসব ও বেতন-ভাতা দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। সংগঠনটি বলেছে, বেতন-ভাতা নিয়ে এবার কোনো অসন্তোষও নেই। কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অনেক শ্রমিক গ্রামের বাড়ি চলে গেছেন। বিজিএমইএর আওতাধীন ৩ হাজার ১০০ কারখানায় উৎসব ভাতা ও মে মাসের বেতন দেওয়া হয়ে গেছে।
গতকাল শনিবার কারওয়ান বাজারে বিজিএমইএর কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছেন সংগঠনটির নেতারা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি ফারুক হাসান, এস এম মান্নান প্রমুখ।
সংবাদ সম্মেলনে সংগঠনটি আরও বলেছে, ইতিমধ্যেই ৮৫ শতাংশ কারখানা ছুটি হয়ে গেছে। আজকের (শনিবার) মধ্যে বাকি কারখানা ছুটি হয়ে যাবে। জুন মাসের অগ্রিম বেতন (আংশিক ও পূর্ণ) দেওয়া হয়েছে ৯৮ শতাংশ কারখানায়। আজকের (শনিবার) মধ্যে বাকি কারখানায় অগ্রিম বেতন দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ বলেছে, ঈদের আগে শ্রমিকেরা যাতে সুষ্ঠুভাবে বেতন-ভাতা পান, সে জন্য সরকার ও বিজিএমইএ অগ্রিম প্রস্তুতিমূলক ব্যবস্থা নিয়েছে। বেতন-ভাতা প্রদানের বিষয়টি তদারকির জন্য বৃহত্তর ঢাকায় অঞ্চলভিত্তিক ১৫টি কমিটি কাজ করেছে। বিজিএমইএর কার্যালয়ে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষও খোলা হয়। এর বাইরে সরকার গঠিত আঞ্চলিক ক্রাইসিস কমিটিও কাজ করছে।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান তাঁর লিখিত বক্তব্যে বলেন, ঈদের আগে বেতন-ভাতা বিষয়ে সমস্যা হতে পারে—এমন কিছু কারখানার তালিকা বিভিন্ন সংস্থার কাছ থেকে পেয়েছিল বিজিএমইএ। এমন ১ হাজার ১০০টি কারখানা গভীরভাবে পর্যবেক্ষণে রেখে বেতন-ভাতা প্রদানসংক্রান্ত সমস্যার সমাধান করা হয়েছে। সর্বশেষ ৩১টি কারখানার সমস্যার সমাধান করা হয়েছে বিজিএমইএর কার্যালয়ে। সব পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ওই সব কারখানার শ্রমিকদের বেতন-ভাতা দেওয়া হয়েছে।
সম্মেলনে জানানো হয়, মহাসড়কের যানজটের কথা চিন্তা করে এলাকাভিত্তিক ভিন্ন ভিন্ন তারিখে কারখানা ছুটি দেওয়া হয়েছে। কিছু কারখানা বৃহস্পতিবার, কিছু কারখানা শুক্রবার ছুটি হয়েছে। একসঙ্গে ৪০ লাখ শ্রমিকের ছুটি হলে যানজট তৈরির পাশাপাশি অনেকেই বাস, ট্রেন লঞ্চের টিকিট পেতেন না। এতে অনেক শ্রমিক বাড়ি যেতে পারতেন না।
বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘আমাদের জানামতে, শেষ পর্যন্ত ৩৫টি কারখানায় বেতন-ভাতা দেওয়ার সমস্যা ছিল। বিজিএমইএর উদ্যোগে তাও সমাধান করা হয়েছে। এই মুহূর্তে বেতন-ভাতা নিয়ে কোনো সমস্যা নেই।’
সিদ্দিকুর রহমান আরও বলেন, ‘পোশাকশিল্প এখন সংকটময় অবস্থায় আছে। চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি মাত্র ২ দশমিক ১১ শতাংশ। তবু আমরা শ্রমিকদের স্বার্থ চিন্তা করে বেতন-ভাতা পরিশোধ করেছি।’ তাঁর মতে, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজার ধরেই রাখাই এখন কষ্টকর। তবে আগামী দুই বছর এই রপ্তানি খাতটি টিকিয়ে রাখতে পারলে সুদিন আসবে।
বিদেশি ক্রেতাদের জোট অ্যাকর্ড বাংলাদেশে আরও পাঁচ বছর থাকবে—এমন খবরের সত্যতা জানতে চাইলে বিজিএমইএর সভাপতি বলেন, ‘অ্যাকর্ড থাকতে চায়—এমন কোনো প্রস্তাব বিজিএমইএর জানা নেই। যদি বিদেশি ক্রেতা, সরকার ও আমরা চাই, তবেই অ্যাকর্ড মেয়াদের বেশি আরও থাকবে। ২০১৮ সালের জুন মাস পর্যন্ত অ্যাকর্ড থাকার থাকা। ২০১৭ সালের মধ্যে কারখানাগুলো কাঙ্ক্ষিত সংস্কার করে ফেলবে। আমার মতে, মেয়াদের পর অ্যাকর্ড শুধু পর্যবেক্ষক হিসেবে থাকতে পারে।’
এ ছাড়া কাঙ্ক্ষিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্যের চালান পৌঁছাতে চট্টগ্রাম বন্দর ও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো পরিবহনের দক্ষতা আরও বৃদ্ধি করার তাগিদ দেন বিজিএমইএর সভাপতি।