পোশাক মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০১৩-১৪ সময়কালের দ্বিবার্ষিক নির্বাচন আজ রোববার অনুষ্ঠিত হবে। এতে ২৭ পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ প্রার্থী। বিজিএমইএ নির্বাচনে বরাবরের মতো এবারও দুই প্যানেল—ফোরাম ও সম্মিলিত পরিষদের প্রার্থীরা লড়ছেন। ফোরামের নেতৃত্ব দিচ্ছেন মাহমুদ হাসান খান। সম্মিলিত পরিষদের নেতৃত্বে আছেন দলনেতা আতিকুল ইসলাম। বিজিএমইএ সূত্র জানায়, আজ সকাল আটটা থেকে টানা বিকেল চারটা পর্যন্ত ঢাকা ও চট্টগ্রামে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটারসংখ্যা তিন হাজার ১৯৬ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন। এদিকে নির্বাচনে উভয় প্যানেলই জয়লাভের ব্যাপারে আশা প্রকাশ করেছে। দুই প্যানেলের নেতারাই বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে টানতে প্রচার-প্রচারণা চালিয়েছেন। সম্মিলিত পরিষদের আতিকুল ইসলাম বলেন, ‘ব্যবসার ধারাহিকতা রক্ষার জন্য সব ধরনের সহযোগিতা করবে পরিষদ। একই সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করে ব্যবসাকে মসৃণ ও সাপ্লাই চেইনকে ধরে রাখতে আমরা কাজ করব।’ ফোরামের নেতা মাহমুদ হাসান খান বলেন, ‘পোশাক কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করতে ঢাকা ও চট্টগ্রামের আশপাশে অর্থনৈতিক অঞ্চল করা হবে। এ ছাড়া শ্রমিকদের ডিজিটাল তথ্যভান্ডার ও ব্যাংক ঋণের সুদ কমানোর চেষ্টা করব।’উল্লেখ্য, তৈরি পোশাক বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য। গত অর্থবছরে তৈরি পোশাক (ওভেন) রপ্তানি থেকে আয় হয়েছে এক হাজার ৯০৮ কোটি নয় লাখ ডলার। আর চলতি ২০১২-১৩ অর্থবছরের প্রথম সাত মাসে এ খাতের রপ্তানি আয় দাঁড়িয়েছে এক হাজার ২০৩ কোটি আট লাখ ডলার।