বিজিএমইএর দ্বিবার্ষিক নির্বাচনে সম্মিলিত পরিষদের নিরঙ্কুশ জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ২০১৩-১৪ সাল মেয়াদি পরিচালনা পর্ষদের নির্বাচনে ২১টি পদে জয়লাভ করেছে সম্মিলিত পরিষদ। আর প্রতিদ্বন্দ্বী প্যানেল ফোরাম জয়ী হয়েছে ছয়টি পরিচালক পদে। ঢাকা ও চট্টগ্রামে গত রোববার একযোগে সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এরপর সারা রাত ভোট গণনা চলে। গতকাল সোমবার ভোরে প্রধান নির্বাচন কমিশনার বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি জাহাঙ্গীর আলামিন ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে সম্মিলিত পরিষদের দলনেতা আতিকুল ইসলাম সর্বোচ্চ এক হাজার ৭০০ ভোট পেয়েছেন। অন্যদিকে ফোরামের দলনেতা মাহমুদ হাসান খান এক হাজার ৩৭৭ ভোট পান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আতিকুল ইসলাম ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আশা করি, নির্বাচনের মতোই বিজিএমইএর সদস্যরা আগামী দুই বছর আমাদের সঙ্গে থাকবেন’। সম্মিলিত পরিষদের ঢাকা অঞ্চলের অন্য বিজয়ীরা হলেন: আবুল কালাম, শহিদুল্লাহ আজিম, এস এম মান্নান, মাহবুবুর রহমান, সাজ্জাদুর রহমান মৃধা, কে এম রফিকুল ইসলাম, নাসির উদ্দিন, মোহাম্মদ নাসির, মশিউল আজম, রিয়াজ-বিন-মাহমুদ, সৈয়দ সাদিক আহমেদ, আজমত রহমান, আরশাদ জামাল ও আবদুল্লাহ হিল রাকিব। চট্টগ্রাম থেকে নির্বাচিত হন নাসির উদ্দিন আহমেদ চৌধুরী, আবদুল ওহাব, সৈয়দ নজরুল ইসলাম, শেখ সাদী, সাব্বির মোস্তফা ও অঞ্জন শেখর দাশ। ফোরাম থেকে ঢাকা অঞ্চলে যাঁরা জয়ী হন: ফেরদৌস পারভেজ, এম এ রহিম, আবদুল্লাহ আল-মাহমুদ ও ভিদিয়া অমৃত খান। চট্টগ্রাম থেকে নির্বাচিত হন এম মহিউদ্দিন চৌধুরী।বিজিএমইএর এবারের নির্বাচনে ২৭টি পরিচালক পদের বিপরীতে দুই প্যানেল থেকে ৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজিএমইএ সূত্রে জানা গেছে, নির্বাচিত পরিচালকেরা আগামী ২১ মার্চ আনুষ্ঠানিকভাবে নিজেদের মধ্য থেকে নতুন সভাপতি ও চারজন সহসভাপতি নির্বাচিত করবেন।